বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

অ্যান্টার্কটিকার বরফের নিচে হাজারো পাহাড় ও গিরিখাত শনাক্ত।

নিজেস্ব প্রতিবেদক:

বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকানো ভূপ্রকৃতি নিয়ে দীর্ঘদিন ধরেই অনুসন্ধান চালাচ্ছেন। সম্প্রতি তারা স্যাটেলাইট ডেটা ও আইস-ফ্লো মডেল ব্যবহার করে মহাদেশটির বরফের নিচে ৩০ হাজারের বেশি পাহাড় সনাক্ত করেছেন।

নতুন এই মানচিত্রে শুধু পাহাড়ই নয়, বরফের নীচে উপত্যকা ও গিরিখাতের অস্তিত্বও দেখা গেছে।

গবেষকরা জানিয়েছেন, অ্যান্টার্কটিকার বরফের নীচে থাকা পাহাড়ের উচ্চতা প্রায় ১৬৫ ফুট বা তার বেশি। এই বিস্তারিত তথ্যের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত দ্রুত বেড়ে যাবে তা আরও নির্ভুলভাবে হিসাব করা সম্ভব হবে।

অ্যান্টার্কটিকা পুরো ইউরোপের চেয়ে প্রায় ৪০ শতাংশ বড়। আগে ধারণা করা হতো, বরফের নীচে সমতল ভূমি বিস্তৃত। কিন্তু নতুন মানচিত্রে দেখা যাচ্ছে, এখানে নানা রকম ভূপ্রকৃতি রয়েছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডিনবার্গের বিজ্ঞানী রবার্ট বিংহাম বলেন, “অ্যান্টার্কটিকার মাটির কাঠামো একঘেয়ে নয়। এখানে সুউচ্চ পর্বতমালা, বিস্তীর্ণ সমভূমি এবং গভীর গিরিখাত বিদ্যমান, যা স্ক্যান্ডিনেভিয়া ও উত্তর কানাডার ভূপ্রকৃতির অনুরূপ।”

গবেষকরা আরও জানান, বরফের নিচের পাহাড় বরফ গলে সমুদ্রে যাওয়ার গতিকে ধীর করে। তাই বরফের নীচের মাটির গঠন জানা অত্যন্ত জরুরি। এটি বোঝাতে সাহায্য করবে বরফ কত দ্রুত সাগরে যাবে এবং বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় তার প্রভাব কতটা হবে।

আগে রাডার প্রযুক্তি ব্যবহার করে এই মানচিত্র তৈরি করার চেষ্টা করা হতো। এবার বিজ্ঞানীরা আইস-ফ্লো পার্টাব্রেশন অ্যানালাইসিস পদ্ধতি ব্যবহার করেছেন। এই পদ্ধতিতে বরফের উপরের স্তরের গতির ওপর ভিত্তি করে নিচের মাটির রূপ স্যাটেলাইটের মাধ্যমে নির্ধারণ করা হয়।

বিজ্ঞানী হেলেন ওকেনডেন বলেন, “এই পদ্ধতি অসাধারণ। এটি পুরো মহাদেশের পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপন করেছে। আগে আমরা মঙ্গলের পৃষ্ঠের তুলনায় অ্যান্টার্কটিকার বরফের নিচের ভূপ্রকৃতি কম জানতাম। নতুন মানচিত্র সেই শূন্যতা পূরণ করেছে।”

তাদের মতে, অ্যান্টার্কটিকা সব সময় বরফে ঢাকা ছিল না। প্রায় ৩ কোটি ৪০ লাখ বছর আগে এটি দক্ষিণ আমেরিকার সঙ্গে যুক্ত ছিল। তখন থেকেই এখানে পাহাড় ও উপত্যকার সৃষ্টি হতে থাকে। পরবর্তীতে প্লেট টেকটোনিকসের কারণে মহাদেশটি বিচ্ছিন্ন হয় এবং বরফের স্তর দ্বারা আবৃত হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মতামত দিন