বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

ইন্টারনেটের গতিবেগ তিনগুণ বৃদ্ধি করলো বিটিসিএল।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের গ্রাহকদের আরও দ্রুত এবং মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে গতিবেগ তিনগুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এই সুবিধা কার্যকর হবে মাসিক মূল্যের কোনো পরিবর্তন ছাড়াই।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় রোববার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত গতির ইন্টারনেটের মাধ্যমে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং স্মার্ট সেবা ব্যবহার আরও সহজ ও দ্রুত হবে।

নতুন প্যাকেজ অনুযায়ী, মাসিক ৩৯৯ টাকার ‘সুলভ-৫’ প্যাকেজ ২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে। একইভাবে, ৫০০ টাকার ‘সুলভ-১২’ এখন ২৫ এমবিপিএস ‘সাশ্রয়ী-২৫’ এবং ৫০০ টাকার ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘ক্যাম্পাস-৫০’ এ উন্নীত হয়েছে।

অন্য প্যাকেজগুলোর ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। ৮০০ টাকার ‘সুলভ-১৫’ এখন ৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-৫০’, ১০৫০ টাকার ‘সুলভ-২০’ প্যাকেজ ১০০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১০০’, ১১৫০ টাকার ‘সুলভ-২৫’ প্যাকেজ ১২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১২০’, ১৩০০ টাকার ‘সুলভ-৩০’ ১৩০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৩০’, ১৫০০ টাকার ‘সুলভ-৪০’ ১৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৫০’ এবং ১৭০০ টাকার ‘সুলভ-৫০’ ১৭০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৭০’ প্যাকেজে রূপান্তর করা হয়েছে।

বিটিসিএল জানাচ্ছে, এই উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে এবং গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য ও দ্রুত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও গ্রাহকবান্ধব উদ্ভাবনী সেবা চালু রাখার পাশাপাশি তাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মতামত দিন