নভোচারীর ক্যামেরায় ধরা পড়লো উজ্জ্বল অরোরা ও অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির দিগন্ত মিলন।
নভোচারীরা সম্প্রতি এমন একটি দৃশ্য ধারণ করেছেন, যা আমাদের পরিচিত পৃথিবী ও মহাবিশ্বের অসীমতার মধ্যে এক রহস্যময় সংযোগের নিদর্শন দেখাচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় তোলা ছবিতে দেখা যাচ্ছে পৃথিবীর দিগন্তে মৃদু আলো ছড়িয়ে অরোরা বা মেরুজ্যোতির আভা, আর তার পাশেই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির অস্পষ্ট কিন্তু দীর্ঘাকার ছায়া।
নাসার নভোচারী ডন পেটিট সামাজিক মাধ্যম এক্সে এই দৃশ্য ভাগ করেছেন। ছবির বাঁকানো দিগন্তরেখায় উজ্জ্বল আলোকবলয় মূলত অরোরা ও এয়ারগ্লোর কারণ—সূর্য থেকে আসা ইলেকট্রন ও প্রোটন কণা যখন বায়ুমণ্ডলের অক্সিজেন ও নাইট্রোজেনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন আলো নির্গত হয়। মহাকাশ থেকে ছবিটি দেখা যায় যেন পৃথিবীর অন্ধকার অংশে জড়িয়ে থাকা রঙিন পর্দা।
ছবিতে ছোট-বড় আলোর বিন্দুগুলি শহর ও জনবসতির নিদর্শন বহন করছে। শীতের রাতের এই দৃশ্য থেকে বিজ্ঞানীরা জনবসতির ধরণ, বিদ্যুৎ ব্যবহারের চিত্র এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করতে পারেন। পাশাপাশি পরিবেশ বিশেষজ্ঞরা আলোক দূষণ এবং এর প্রভাব প্রাণী ও মানুষের জীবনচক্রের উপর কেমন হচ্ছে, তাও পর্যবেক্ষণ করেন।
সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো পৃথিবীর উজ্জ্বল আলোতে ঢেকে থাকা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এটি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির সবচেয়ে নিকটবর্তী বড় গ্যালাক্সি এবং পৃথিবী থেকে প্রায় ২৫ লাখ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। মহাকাশ স্টেশনের মতো নিম্ন কক্ষপথ থেকে এত দূরের অবজেক্টের ছবি তোলা খুবই চ্যালেঞ্জিং। গবেষকরা মনে করেন, কয়েকশ কোটি বছরের মধ্যে মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমিডা একে অপরের সঙ্গে মিশে যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন