বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

সুঁচ ছাড়াই ডায়াবেটিক রোগীদের রক্তের শর্করা মাপার প্রযুক্তি উদ্ভাবন করল এমআইটি।

নিজেস্ব প্রতিবেদক:

রক্তের শর্করা পরীক্ষা করতে প্রতিদিন আঙুল ফুটাতে হয়—এই ঝামেলা এড়িয়ে ডায়াবেটিস রোগীদের জীবনকে সহজ করতে আলোভিত্তিক একটি নতুন সেন্সর তৈরি করেছেন এমআইটির গবেষকেরা। হাত শুধু যন্ত্রের ওপর রাখলেই গ্লুকোজের মাত্রা জানা যাবে, এমন প্রযুক্তির বিস্তারিত ছাপা হয়েছে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি জার্নালে।

গবেষণা দলের সদস্য জেওন উওং ক্যাং জানান, রোগীরা যে নিয়মিত আঙুলে সুঁচ ফোটাতে অনীহা বোধ করেন, সেটিই পুরো গবেষণার পেছনে অন্যতম অনুপ্রেরণা ছিল।পরীক্ষা না করা বা কম করা—দুই ক্ষেত্রেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ ব্যাহত হয় এবং জটিলতার ঝুঁকি বেড়ে যায়। তাই দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে আলো-নির্ভর সমাধান খুঁজে এসেছে এমআইটির টিম।

লেজার বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা ২০১০ সালেই প্রথম দেখান,রামান স্পেকট্রোস্কোপি ব্যবহার করে গ্লুকোজ শনাক্ত করা সম্ভব। ত্বকের উপর দৃশ্যমান ও কাছাকাছি-ইনফ্রারেড আলো ফেললে যে বিচ্ছুরণ ঘটে, তা বিশ্লেষণ করেই অণুগুলো আলাদা করে দেখা যায়। এই কৌশল তরলের মাঝেও গ্লুকোজ শনাক্ত করতে সক্ষম।

এরপর ২০২০ সালে গবেষণা আরেক ধাপ এগোয়—ভিন্ন কোণ থেকে আসা ইনফ্রারেড আলো এবং রামান সংকেত একত্র করে অন্যান্য ত্বক-অণুর প্রভাব ছেঁকে ফেলার পদ্ধতি বের করেন গবেষকেরা। এতে গ্লুকোজের সংকেত অনেক পরিষ্কারভাবে মেলে।

শুরুর পর্যায়ে যন্ত্রটি ছিল প্রায় বড় একটি প্রিন্টারের সমান আকারের।বহুবার নকশা বদলে সেটিকে এখন জুতার বাক্সের সমান ছোট করা হয়েছে। গবেষক আরিয়ানা ব্রেসি জানান,বর্তমানে মাত্র তিনটি নির্দিষ্ট সংকেত ব্যান্ড বিশ্লেষণেই প্রয়োজনীয় মাপ পাওয়া যায়, আর পুরো প্রক্রিয়া শেষ হয় মাত্র ৩০ সেকেন্ডে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মতামত দিন