ডিসেম্বরের শেষভাগে আকাশে দেখা যাবে এক বিরল ধূমকেতুর।
ডিসেম্বরের শেষভাগে শীতল আকাশ আরও এক মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। নাসার সর্বশেষ নির্দেশিকা জানিয়েছে, বছর শেষ হওয়ার আগে পৃথিবীর আকাশে ভেসে উঠবে এক আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু—যা দেখার সুযোগ মানবজীবনে খুব কমই আসে।
এই অদ্ভুত অতিথি থ্রিআই/অ্যাটলাস (3I/ATLAS) নামের ধূমকেতুটি ১৯ ডিসেম্বর পৃথিবীর সবচেয়ে নিকট দূরত্ব দিয়ে অতিক্রম করবে। এটি সৌরজগতের বাইরের কোনো নক্ষত্রমণ্ডল থেকে ছুটে আসা বস্তু—মানবজাতি আগে মাত্র দুইবার এমন আন্তঃনাক্ষত্রিক ভ্রমণকারী দেখেছে: ২০১৭ সালের ওউমুয়ামুয়া এবং ২০১৯ সালে ধরা পড়া কমেট বোরিসভ। অ্যাটলাস সার্ভের টেলিস্কোপই নতুন এ ধূমকেতুর অস্তিত্ব প্রথম শনাক্ত করে।
যদিও এটি পৃথিবীর দিকে ধেয়ে এলেও কোনো বিপদের আশঙ্কা নেই—সবচেয়ে কাছে থাকা অবস্থায়ও দূরত্ব থাকবে প্রায় ১৭ কোটি মাইল, যা চাঁদের দূরত্বের সাতশ গুণের মতো। তবে দূরত্ব বেশি হওয়ায় খালি চোখে দেখা সম্ভব নয়। কমপক্ষে ১২ ইঞ্চির অ্যাপারচারের টেলিস্কোপ ব্যবহার করলে ভোরের ঠিক আগে পূর্ব–উত্তর–পূর্ব দিগন্তে, লিও নক্ষত্রমণ্ডলের রেগুলাস তারার নিচের অংশে ধূমকেতুটিকে খুঁজে পাওয়া যাবে। শহরের উজ্জ্বল আলো থেকে দূরে গেলে পর্যবেক্ষণ আরও সহজ হবে।
শীতের পরিষ্কার আকাশ আর বিরল এই মহাজাগতিক আগমন মিলিয়ে ডিসেম্বর জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য এক বিশেষ মাস হয়ে উঠবে। ধৈর্য আর একটু অন্ধকার পরিবেশ—এ দুটো থাকলে যে কেউ হয়ে উঠতে পারে মহাজগতের এই দূরবর্তী অতিথির সাক্ষী।
মতামত দিন