ক্যানসার ও পাকস্থলীর রোগের নতুন ওষুধ তৈরি হবে পেঁপে থেকে।
বিজ্ঞানীরা পেঁপের মধ্যে থাকা বিশেষ এনজাইম ‘পাপাইন’ ব্যবহার করে ক্যানসারসহ পাকস্থলী সংক্রান্ত রোগের চিকিৎসায় নতুন ওষুধ তৈরির সম্ভাবনা খুঁজছেন। এই এনজাইম প্রাকৃতিকভাবে পেঁপেগাছকে শুঁয়োপোকার আক্রমণ থেকে রক্ষা করে এবং উদ্ভিদের প্রতিরক্ষাকৌশলের অংশ হিসেবে কাজ করে।
যুক্তরাষ্ট্রের পার্ডু ইউনিভার্সিটির প্রাণরসায়নবিজ্ঞানী বেঞ্জামিন আয়োদিপুপো বাবাওলা জানিয়েছেন, পাপাইন একটি সিস্টাইন প্রোটিয়েজ, অর্থাৎ এটি প্রোটিন ভাঙার সক্ষমতা রাখে। সালফার বহনকারী অ্যামিনো অ্যাসিড ব্যবহার করে এটি নির্দিষ্ট পেপটাইড বন্ধন ভাঙতে সক্ষম। দুই-ডোমেন কাঠামো এবং সক্রিয় খাঁজের কারণে পাপাইন বিভিন্ন প্রোটিন লক্ষ্যবস্তুতে কার্যকর হয়। এই বৈশিষ্ট্য এটিকে খাদ্য ও বায়োমেডিকেল গবেষণার জন্য উপযোগী করে তোলে।
বাবাওলার তথ্য অনুযায়ী, পাপাইন ১২২ থেকে ১৩৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সক্রিয় থাকে এবং জলে দ্রবীভূত হয়। এছাড়া এটি নির্দিষ্ট সহায়তাকারী যেমন অ্যামিনো অ্যাসিড ও চিলেটরের সঙ্গে যুক্ত থাকলে স্থিতিশীল থাকে।
পাপাইন নতুন কোনো উপাদান নয়; এটি মাংস নরম করার এজেন্ট, পানীয় পরিষ্কার করার উপকরণ এবং ক্ষত নিরাময়ের জেলেও ব্যবহৃত হয়। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পেঁপে ব্যাপকভাবে চাষ হওয়ায় পাপাইনের সরবরাহও সহজ এবং খরচে সাশ্রয়ী। এই কারণে পেঁপের পাপাইন এনজাইম জৈব-প্রক্রিয়াকরণ ও ওষুধ তৈরি কাজে বড় সম্ভাবনা রাখে।
সূত্র: আর্থ ডটকম

মতামত দিন