বাংলাদেশে প্রথম ট্রান্সিয়েন্ট অ্যারে রেডিও টেলিস্কোপ চালু করলো আইইউবি।
ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) প্রথমবারের মতো মহাকাশ থেকে আসা রেডিও তরঙ্গ শনাক্তের সক্ষমতা সম্পন্ন ট্রান্সিয়েন্ট অ্যারে রেডিও টেলিস্কোপ (টার্ট) স্থাপন করা হয়েছে। ১৮ নভেম্বর এটি প্রথমবারের মতো সফলভাবে রেডিও সিগন্যাল শনাক্ত করেছে, যা দেশের জ্যোতির্বিজ্ঞানে নতুন দিগন্ত খুলে দিয়েছে।
আইইউবির সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস (কাসা) উদ্যোগে তৈরি ‘স্টার্ট’ নামের এই টেলিস্কোপটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ছাদে স্থাপন করা হয়েছে। নিউজিল্যান্ড থেকে আনা অ্যানটেনা ও ইলেকট্রনিক যন্ত্রাংশের মাধ্যমে টেলিস্কোপটি অনলাইনে যুক্ত করা হয়েছে। ফলে এর মাধ্যমে পাওয়া সব তথ্য সরাসরি ওয়েবসাইটে দেখা যাবে।
কাসার পরিচালক ও ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক খান মুহাম্মদ বিন আসাদ জানান, “স্টার্ট টেলিস্কোপ বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞানে যন্ত্র নির্মাণের সূচনা করেছে। জেমস ওয়েব বা হাবল টেলিস্কোপ আলো ব্যবহার করে ছবি তোলার বিপরীতে, স্টার্ট বিভিন্ন জিপিএস অ্যানটেনার মাধ্যমে অদৃশ্য রেডিও তরঙ্গ শনাক্ত করে। এর মূল লক্ষ্য পৃথিবীর আয়নোস্ফিয়ার ও মহাকাশ থেকে আসা কসমিক রশ্মি পরিমাপ করা।”
টেলিস্কোপটির সবচেয়ে দূরবর্তী দুই অ্যানটেনার মধ্যে দূরত্ব প্রায় ১০ ফুট। একই সঙ্গে আইইউবিসহ দেশের আরও ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালাও আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আইইউবির উপাচার্য ম. তামিম বলেন, “স্টার্ট টেলিস্কোপ বাংলাদেশের মহাকাশ বিজ্ঞান ও প্রকৌশলে নতুন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।”

মতামত দিন