জাপানে এসেছে ‘মানব ওয়াশিং মেশিন’, শারীরিক ও মানসিক পরিচ্ছন্নতার নতুন অভিজ্ঞতা।
জাপানের বাজারে নতুন ধরনের উদ্ভাবনী যন্ত্র ‘হিউম্যান ওয়াশার অব দ্য ফিউচার’ এসেছে, যা ব্যবহারকারীর শরীরকে কাপড়ের মতো পরিষ্কার করতে সক্ষম। ব্যবহারকারী একটি বিশেষ পডে শুয়ে ঢাকনা বন্ধ করলে যন্ত্রটি কাজ শুরু করে।
এই মেশিনের প্রথম প্রদর্শনী গত বছরের অক্টোবর মাসে ওসাকায় অনুষ্ঠিত হয়। তখন এটি প্রদর্শন দেখতে মানুষ দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করেছিলেন।
জাপানি প্রতিষ্ঠান ‘সায়েন্স’ এই যন্ত্র তৈরি করেছে। কোম্পানির মুখপাত্র সাচিকো মায়েকুরা জানান, মেশিনটি ১৯৭০ সালের এক্সপোর প্রাচীন ধারণার আধুনিক সংস্করণ। ওই সময়ের অভিজ্ঞতা কোম্পানির বর্তমান প্রেসিডেন্টকে অনুপ্রাণিত করেছিল।
মায়েকুরা আরও বলেন, “এই যন্ত্র শুধু শরীরই নয়, মনকেও সতেজ করবে। পাশাপাশি ব্যবহারকারীর হৃদস্পন্দন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক তথ্যও পর্যবেক্ষণ করবে।”
ওসাকার একটি হোটেল ইতিমধ্যেই প্রথম ক্রেতা হিসেবে একটি মানব ওয়াশিং মেশিন কিনেছে এবং অতিথিদের জন্য সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। মেশিনটির উৎপাদন সংখ্যা সীমিত রাখা হচ্ছে, মোট ৫০টি মডেল তৈরি হবে। প্রতিটি যন্ত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ইয়েন, যা প্রায় ৩ লাখ ৮৫ হাজার মার্কিন ডলারের সমান।
মতামত দিন