বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

‘বাংলাদেশে আসতে আগ্রহী চীনের ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট’।

বাংলাদেশের প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের স্টারলিংকের প্রবেশের পর এবার চীনের ইন্টারনেট জায়ান্ট টেনসেন্টও কার্যক্রম শুরুর আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ।

তিনি জানান, স্টারলিংকের লাইসেন্স আবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবারই অনুমোদন করেছেন।

ফাইজ তাইয়েব আরও জানান, “আমরা ইতোমধ্যে টেনসেন্টের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছি। তারা বাংলাদেশে আসতে আগ্রহী, এবং তাদের প্রয়োজনীয় নীতিগত সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।”

এছাড়া, ওএসআইআরআইএস (OSIRIS Group) নামে একটি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানও বাংলাদেশে আসছে। প্রতিষ্ঠানটি কালিয়াকৈর হাইটেক পার্কে হাইপার-স্কেলার ক্লাউড এবং সিকিউরড ডেটা সেন্টার স্থাপন করবে।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি কোম্পানি, যা ইন্টারনেট সেবা, বিনোদন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিভিন্ন প্রযুক্তি খাতে বিশ্বজুড়ে কার্যক্রম পরিচালনা করছে।

মতামত দিন