মঙ্গল গ্রহের অলিম্পাস মন্স:সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরির চমকপ্রদ ছবি প্রকাশিত।
মঙ্গল গ্রহের রঙিন লাল আভা এবং বিশাল আগ্নেয়গিরি অলিম্পাস মন্স সৌরজগতের অন্যতম রহস্যময় স্থান। এটি প্রায় ২৭ কিলোমিটার উচ্চ এবং ৬০০ কিলোমিটারেরও বেশি চওড়া, যা পৃথিবীর সব পর্বতকে পেছনে ফেলে।
ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) সম্প্রতি এই আগ্নেয়গিরির পাদদেশের চমকপ্রদ ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, আগ্নেয়গিরি থেকে প্রবাহিত লাভা জমে শক্ত শিলার আকার নিয়েছে। গবেষকরা ধারণা করছেন, প্রায় ৩৫০ কোটি বছর আগে প্রাথমিক ভূতাত্ত্বিক যুগে অলিম্পাস মন্স গঠিত হয়। বর্তমানে এটি সুপ্ত অবস্থায় আছে এবং সাম্প্রতিক সময়ে কোনো অগ্ন্যুৎপাত ঘটেনি।
মার্স এক্সপ্রেস অরবিটারের তোলা ছবিতে দেখা যায় দক্ষিণ-পূর্ব ঢালে বিশাল ভূমিধস, খাড়া পর্বতখণ্ড এবং প্রাচীন লাভা প্রবাহ। ঢালের উচ্চতা প্রায় ৯ কিলোমিটার, যা আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের সঙ্গে মিলেছে। প্রবাহিত লাভা প্রথমে ফ্যান বা পাখার মতো ছড়িয়েছিল, পরে ঠান্ডা হয়ে ঘন শিলা রূপ নেয়। কিছু প্রবাহ সমতল ভূমিতে পৌঁছানোর আগে মসৃণ, গোলাকার আকারে থেমে যায়। পৃষ্ঠে ছোট গর্ত এবং চ্যানেলগুলো মঙ্গলের জটিল অতীত ও ভূতাত্ত্বিক নবীনতা নির্দেশ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবির প্রতিক্রিয়ায় ব্যবহারকারীরা মঙ্গল গ্রহে দৌড়, শহর স্থাপন এবং আগ্নেয়গিরি অন্বেষণের মতো কল্পনা করেছেন।
গবেষণার এই চমকপ্রদ তথ্য প্রকাশিত হয়েছে নাসা এবং ইএসএ’র সম্প্রতিক পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ থেকে।
সূত্র: এনডিটিভি

মতামত দিন