বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

মিল্কিওয়ে গ্যালাক্সিতে বিরল চার স্তরের সর্পিল নক্ষত্র কাঠামোর ছবি তুলেছে নাসা।

নিজেস্ব প্রতিবেদক:

মহাকাশের রহস্য যেন শেষ হয় না। সম্প্রতি নাসার জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির এক অদ্ভুত নক্ষত্রব্যবস্থা চিত্রিত করেছে।

ছবিতে দেখা গেছে চার স্তরের সর্পিল কাঠামো, যা আগের কোনো চিত্রে দেখা যায়নি।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে প্রায় ৮ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এই কাঠামোকে ‘অ্যাপেপ’ নাম দেওয়া হয়েছে। এটি মিসরের বিশৃঙ্খলার দেবতার নামে নামকরণ করা। আগের পর্যবেক্ষণে কেবল একটি আবরণ দেখা গিয়েছিল, কিন্তু নতুন ইনফ্রারেড চিত্রে চারটি আলাদা আবরণ নিশ্চিত হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো দুইটি বিরল উলফ-রেয়েট নক্ষত্র থেকে ৭০০ বছরের মধ্যে নির্গত কার্বন ধূলিকণার মাধ্যমে তৈরি হয়েছে।

উলফ-রেয়েট নক্ষত্রগুলি জীবনশেষ পর্যায়ের নক্ষত্র। গ্যালাক্সিতে মাত্র প্রায় এক হাজার নক্ষত্র এই শ্রেণির। অ্যাপেপ কাঠামোর দুটি নক্ষত্র প্রতি ১৯০ বছরে একবার একে অপরের কাছ দিয়ে অতিক্রম করে এবং ২৫ বছরের জন্য ঘনিষ্ঠ অবস্থানে থাকে। এই সময় তাদের শক্তিশালী বায়ু সংঘর্ষ ঘটায় এবং প্রচুর কার্বন ধূলিকণা তৈরি হয়।

ছবিতে একটি তৃতীয় নক্ষত্রেরও উপস্থিতি দেখা গেছে। এটি আমাদের সূর্যের চেয়ে প্রায় ৪০–৫০ গুণ বড় এবং এর আবরণের মধ্যে ফানেলের মতো গহ্বর রয়েছে। ভবিষ্যতে এটি সুপারনোভাতে বিস্ফোরিত হয়ে কৃষ্ণগহ্বরে রূপান্তরিত হতে পারে।

সূত্র: এনগ্যাজেট

মতামত দিন