দ্বৈত নক্ষত্র সিস্টেমে পৃথিবীসম তিন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা।
বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লিজের গবেষক সেবাস্তিয়ান জুনিগা–ফার্নান্দেজ বলেন, “এত ছোট এক নক্ষত্রজোড়ায় তিনটি গ্রহ পাওয়া সত্যিই এক ব্যতিক্রমী ঘটনা।” তিনি আরও জানান, টিওআই–২২৬৭ সিস্টেমে এক অনন্য বিন্যাস দেখা গেছে, যেখানে দুটি নক্ষত্রের চারপাশে ঘূর্ণায়মান গ্রহগুলোকে একই কক্ষপথে অতিক্রম করতে দেখা যাচ্ছে। এটি জটিল পরিবেশে গ্রহ গঠনের প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।
দলের আরেক সদস্য ফ্রান্সিসকো জে পোজোয়েলসের ভাষায়, “টিওআই–২২৬৭ আসলে একটি প্রাকৃতিক গবেষণাগার।” তিনি বলেন, “এটি দেখাবে কীভাবে পাথুরে গ্রহ চরম গতিশীল পরিস্থিতিতেও তৈরি হতে পারে ও টিকে থাকতে সক্ষম হয়।”
গবেষক দল জানায়, এই সিস্টেমটি এখন পর্যন্ত আবিষ্কৃত গ্রহসহ সবচেয়ে সঙ্কুচিত ও শীতল দ্বৈত নক্ষত্রজোড়া হিসেবে রেকর্ড গড়েছে। এছাড়া এটি প্রথম সিস্টেম, যেখানে দুটি নক্ষত্রের চারপাশে গ্রহের অতিক্রমণ সরাসরি পর্যবেক্ষণ করা গেছে।
গ্রহগুলো শনাক্ত করা হয়েছে নাসার টেস (TESS) মহাকাশযানের তথ্য বিশ্লেষণ করে। গবেষকেরা আশা করছেন, ভবিষ্যতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে এসব গ্রহের বায়ুমণ্ডল ও উপাদান সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
সূত্র: এনডিটিভি
মতামত দিন