বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল হ্যান্ডসেট ও ফোন ক্লোনিং রোধে চালু হচ্ছে এনইআইআর।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ১৬ ডিসেম্বর থেকে মোবাইল নেটওয়ার্কে অবৈধ হ্যান্ডসেট ব্যবহার, ফোন ক্লোনিং এবং চুরি প্রতিরোধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকর হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এনইআইআর চালু হওয়ার পর দেশের টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। অবৈধভাবে আমদানি বা নকল মোবাইলের ব্যবহার পুরোপুরি রোধ করা সম্ভব হবে।” অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীও উপস্থিত ছিলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এই সিস্টেমের মাধ্যমে সরকার বছরে কোটি কোটি টাকা রাজস্ব হ্রাস থেকে রক্ষা পাবে। এছাড়া দেশের মোবাইল উৎপাদন শিল্প সুরক্ষিত হবে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ডিভাইস শনাক্ত করে ব্লক করা সম্ভব হবে। তিনি আরও বলেন, “এনইআইআর শুধুমাত্র প্রযুক্তি নয়, এটি নাগরিক নিরাপত্তা, রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং টেলিযোগাযোগ খাতের স্বচ্ছতা নিশ্চিত করার একটি জাতীয় উদ্যোগ।”

এ উদ্যোগ বাস্তবায়নে বিটিআরসির সঙ্গে দেশের চারটি মোবাইল অপারেটর—গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক—নিজ নিজ ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (ইআইআর) সিস্টেম উন্নয়নে কাজ করছে।

শেষে ফয়েজ আহমদ সকলের উদ্দেশে বলেন, “১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশে টেলিকম খাত একটি নতুন, নিরাপদ ও স্বচ্ছ যুগে প্রবেশ করবে। সবাইকে সচেতন থাকতে হবে এবং বৈধ হ্যান্ডসেট ব্যবহারে উৎসাহিত করতে হবে।”

মতামত দিন