বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

মিল্কিওয়ের বাইরে প্রথমবার, বরফে প্রাণসম্পর্কিত জৈব অণু শনাক্ত করল নাসা।

নিজেস্ব প্রতিবেদক:

মহাবিশ্বের গভীরে আবারও বিস্ময় জাগাল নাসার বিজ্ঞানীরা। প্রথমবারের মতো মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরের কোনো গ্যালাক্সিতে বরফের মধ্যে জমাট বাঁধা অবস্থায় প্রাণসম্পর্কিত জটিল জৈব অণু শনাক্ত করেছেন তাঁরা।

নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের যৌথ গবেষণায় এই যুগান্তকারী তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীদের দাবি, এই আবিষ্কার প্রাথমিক মহাবিশ্বের রাসায়নিক গঠন ও জীবনের সম্ভাব্য উৎস সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

গবেষণায় দেখা গেছে, লার্জ ম্যাগেলানিক ক্লাউড নামে আমাদের নিকটতম প্রতিবেশী গ্যালাক্সির এক নবগঠিত নক্ষত্রকে ঘিরে থাকা বরফের ভেতরে ইথানল ও অ্যাসেটিক অ্যাসিডসহ একাধিক জটিল জৈব যৌগ বিদ্যমান। অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত এই গবেষণায় আরও বলা হয়েছে, অ্যাসিটালডিহাইড ও মিথাইল ফরমেটের মতো অণুও শনাক্ত করা হয়েছে—যা জীবনের জন্য অপরিহার্য প্রিবায়োটিক রসায়নের উপাদান হিসেবে বিবেচিত।

বিজ্ঞানীদের মতে, মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে প্রথমবারের মতো এই ধরনের জৈব অণু শনাক্ত হওয়া প্রমাণ করে যে জীবনের মৌলিক রাসায়নিক উপাদান কেবল আমাদের সৌরজগৎ বা গ্যালাক্সিতেই সীমাবদ্ধ নয়, বরং পুরো মহাবিশ্ব জুড়েই তা ছড়িয়ে আছে।

গবেষক সেউইলো বলেন, “লার্জ ম্যাগেলানিক ক্লাউডে এখন পর্যন্ত আমরা এমন একটি উৎস পেয়েছি, যেখানে এই অণুগুলো শনাক্ত হয়েছে। মিল্কিওয়েতে বরফে জমাট জৈব অণু শনাক্ত হয়েছে মাত্র চারটি স্থানে। তাই এই দুই গ্যালাক্সির মধ্যে রাসায়নিক জটিলতার পার্থক্য নিরূপণ করতে আরও বিস্তৃত তথ্য প্রয়োজন। তবে এই আবিষ্কার আমাদের মহাবিশ্বে জটিল রসায়নের উৎপত্তি সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে।”

সূত্র: এনডিটিভি

মতামত দিন