বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

কিডনি প্রতিস্থাপনে নতুন সাফল্য,রক্তের গ্রুপ ভিন্ন হলেও কিডনি প্রতিস্থাপন সম্ভব হবে নতুন প্রযুক্তিতে।

নিজেস্ব প্রতিবেদক:

বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে রক্তের গ্রুপ যাই হোক না কেন কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হবে। সাধারণত কিডনি সম্পূর্ণ বিকল হলে বেঁচে থাকার জন্য রোগীদের ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপনের বিকল্প থাকে।

কিন্তু কিডনি প্রতিস্থাপন ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ; তাছাড়া রক্তের গ্রুপ না মিললে প্রতিস্থাপন করা যায় না।

কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার গবেষকরা এক দশকেরও বেশি সময় ধরে এই সমস্যার সমাধান খুঁজেছেন। বিজ্ঞানী স্টিফেন উইদার্স ও জয়চন্দ্রন কিঝাক্কেটু এমন একটি এনজাইম উদ্ভাবন করেছেন, যা কিডনির রক্তের গ্রুপ নির্ধারণকারী শর্করা সরিয়ে সর্বজনীন রক্তের গ্রুপ ও-তে রূপান্তর করতে সক্ষম।

এ এনজাইম ব্যবহার করে কিডনিকে রোগীর পরিবারের সম্মতিতে ও-গ্রুপে রূপান্তর করা হয় এবং তারপর তা শরীরে প্রতিস্থাপন করা হয়।প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষায় কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই কিডনি কার্যকরভাবে কাজ করেছে।

গবেষকরা আশা করছেন, এই পদ্ধতির মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমবে, বিশেষ করে চাহিদাসম্পন্ন ও-গ্রুপের কিডনির ক্ষেত্রে। স্টিফেন উইদার্স জানিয়েছেন, “এটি মানব মডেলে প্রথম পরীক্ষা; দীর্ঘমেয়াদে আমরা আরও উন্নত ফলাফল পাওয়ার জন্য কাজ করছি। এখন আর গ্রহীতার রক্তের গ্রুপের সঙ্গে কিডনি হুবহু মিলানো বাধ্যতামূলক নয়।”

নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাময়িকীতে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে, যা কিডনি প্রতিস্থাপনকে আরও কার্যকর ও সহজলভ্য করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে।

সূত্র: এনডিটিভি

মতামত দিন