রেকর্ড সংখ্যক নতুন গাড়ি নিয়ে শুরু হলো ২১তম সাংহাই অটো শো।
চীনের সাংহাই শহরে শুরু হয়েছে ২১তম সাংহাই অটো শো। ২৩ এপ্রিল, স্থানীয় সময় বুধবার থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী ২ মে পর্যন্ত।
এই বছর আয়োজনে অংশ নিয়েছে ৭০টিরও বেশি গাড়ি নির্মাতা, যারা এনেছে একশ’রও বেশি নতুন মডেল। গাড়িপ্রেমী ও উৎসুক দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে প্রদর্শনী প্রাঙ্গণ।
তবে সাংহাই অটো শো এখন আর শুধু গাড়ির প্রদর্শনী নয়—এটি রূপ নিয়েছে বৈশ্বিক প্রযুক্তি শক্তির মহড়ার এক মঞ্চে। যেখানে নেতৃত্বের লড়াইয়ে মুখোমুখি চীন, ইউরোপ এবং নতুন প্রজন্মের উদীয়মান নির্মাতারা।
একজন অংশগ্রহণকারী গাড়ি নির্মাতা জানালেন, “আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, চীনের বাজার প্রযুক্তির জন্য অত্যন্ত সহায়ক। আমরা এখানে বহু বছর ধরে আছি। এই বাজারে আমাদের অবস্থান অনেক শক্ত। আমাদের রয়েছে স্থানীয় বাজার সম্পর্কে গভীর জ্ঞান, যেটা কাজে লাগিয়ে ব্যবসা যেমন প্রসারিত করা যায়, তেমনি বৈশ্বিক কার্যক্রমেও সেই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তবে প্রযুক্তিনির্ভর এই উৎসবের পেছনে রয়েছে এক ধরনের অস্বস্তি। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের ছায়া, সরবরাহ শৃঙ্খলার শঙ্কা এবং বাজারে চাহিদা কমে যাওয়ার আশঙ্কা যেন আড়াল থেকে ভর করছে পুরো আয়োজনের ওপর।
তার পরও, বৈশ্বিক গাড়ি শিল্পের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিশ্লেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবারের সাংহাই অটো শো।

মতামত দিন