শক্তিশালী রেডিও টেলিস্কোপে ধরা পড়ল রহস্যময় এক প্লাজমা কাঠামো।
শক্তিশালী রেডিও টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা সম্প্রতি এক রহস্যময় প্লাজমা কাঠামোর সন্ধান পেয়েছেন। প্লাজমা সম্পর্কে আমরা অনেকেই জানি—এটি পদার্থের একটি বিশেষ অবস্থা, যেখানে পরমাণুর ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে তৈরি করে আয়নিত গ্যাস।
সম্প্রতি প্রকাশিত নেচার অ্যাস্ট্রোনমি সাময়িকীর এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিজ্ঞানীরা এবার এমন একটি প্লাজমা কাঠামোর সন্ধান পেয়েছেন, যা এতদিন পৃথিবীর দৃষ্টিসীমার বাইরে ছিল। এই কাঠামোটি শনাক্ত করা হয়েছে এক দ্রুতগতিসম্পন্ন পালসারকে ঘিরে থাকা আন্তনাক্ষত্রিক শক ওয়েভের মধ্য দিয়ে।
জে০৪৩৭–৪৭১৫ নামের পালসারটি পৃথিবী থেকে প্রায় ৫১২ আলোকবর্ষ দূরে অবস্থিত। পালসার এক ধরনের নিউট্রন তারা, যা একটি অতি-ঘন নাক্ষত্রিক অবশিষ্টাংশ হিসেবে রেডিও তরঙ্গ ও কণার একটি প্রবাহ তৈরি করে। এই প্রবাহ আন্তনাক্ষত্রিক গ্যাসীয় মাধ্যমে দ্রুত অতিক্রম করে, যার ফলে একটি উত্তপ্ত শক তরঙ্গ সৃষ্টি হয়। এই প্লাজমা স্তর মূলত অশান্ত প্রকৃতির এবং সেখান থেকে বিক্ষিপ্ত তরঙ্গ মহাকাশে একধরনের নকশা তৈরি করে। ফলে দূর থেকে পালসারটিকে মিটমিটে এক তারার মতো মনে হয়।
বর্তমানে বিজ্ঞানীরা "সিন্টিলেশন আর্ক" নামের এক ইন্টারফেরেন্স প্যাটার্ন বিশ্লেষণের মাধ্যমে এই পালসার তরঙ্গের সূক্ষ্ম গঠন উন্মোচনের চেষ্টা করছেন। এই গবেষণা পদ্ধতিকে অনেকটা মহাশূন্যে সিটি স্ক্যান করার সঙ্গে তুলনা করা যায়, যার মাধ্যমে আন্তনাক্ষত্রিক বস্তু ও কাঠামোর গভীর অন্তর্দৃষ্টি পাওয়া সম্ভব হচ্ছে।
মতামত দিন