বয়স বাড়লে নারীদের তুলনায় দ্রুত সংকুচিত হয় পুরুষের মস্তিষ্ক।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের মস্তিষ্ক নারীদের তুলনায় দ্রুত সংকুচিত হয়— এমন তথ্য উঠে এসেছে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায়।
গবেষণায় ১৭ থেকে ৯৫ বছর বয়সী ৪ হাজার ৭২৬ জন সুস্থ ব্যক্তির মস্তিষ্কের স্ক্যান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানান, বয়সজনিত টিস্যু ক্ষয়ের হার নারী ও পুরুষের মধ্যে সমান নয়।
বিজ্ঞানীরা জানান, বয়স বাড়লে মস্তিষ্ক স্বাভাবিকভাবেই ছোট হতে থাকে, তবে আলঝেইমার আক্রান্তদের ক্ষেত্রে এই প্রক্রিয়া আরও দ্রুত হয়। নতুন গবেষণায় দেখা গেছে, নারীদের মস্তিষ্ক সংকুচিত হওয়ার হার তুলনামূলক ধীর হলেও তাঁদের আলঝেইমারে আক্রান্ত হওয়ার ঝুঁকি পুরুষদের চেয়ে প্রায় দ্বিগুণ।
অসলো বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্টিস্ট অ্যান রাভন্ডাল বলেন, “আমরা ১২ হাজারের বেশি মস্তিষ্কের স্ক্যান বিশ্লেষণ করেছি। দেখা গেছে, বয়স্ক পুরুষদের মস্তিষ্কের আকার দ্রুত কমে যাচ্ছে, যা কর্টেক্সের একাধিক অঞ্চলে প্রভাব ফেলছে। নারীদের ক্ষেত্রে সেই হার অনেক ধীর।”
তিনি আরও জানান, যদি নারীদের মস্তিষ্ক একই হারে সংকুচিত হতো, তাহলে তাঁদের মধ্যে আলঝেইমারের প্রকোপ কেন বেশি— তা আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করা যেত।
গবেষণায় দেখা গেছে, স্মৃতি ও শেখার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ অংশ হিপোক্যাম্পাসে বয়সজনিত কোনো উল্লেখযোগ্য পরিবর্তন পাওয়া যায়নি। সাধারণত পুরুষদের মস্তিষ্ক নারীদের তুলনায় ১০–১৫ শতাংশ বড় এবং ওজনে ভারী হলেও, নারীদের মস্তিষ্কে কোষ ও সংযোগের ঘনত্ব তুলনামূলক বেশি থাকে। অন্যদিকে পুরুষদের মস্তিষ্কে ধূসর পদার্থের ঘনত্ব কম হলেও সাদা পদার্থ বা হোয়াইট ম্যাটার তুলনামূলক বেশি।
সূত্র: এনডিটিভি

মতামত দিন