বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

৫০০ টাকায় ১০ এমবিপিএস: ব্রডব্যান্ডে গতির নতুন যুগ।

দেশজুড়ে প্রায় ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী প্রতিদিন বিনোদন, পড়াশোনা এবং অনলাইন কেনাকাটাসহ বিভিন্ন কাজে মোট ৬ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছেন। এই ব্যান্ডউইথের প্রায় ৩ হাজার জিবিপিএস সরবরাহ করে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ হ্রাস করেছে সরকার।

এই প্রেক্ষাপটে আজ থেকে ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য বড়সড় সুখবর দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনের সভাপতি ইমদাদুল হক শনিবার (১৯ এপ্রিল) সকালে বিটিআরসি আয়োজিত একটি সেমিনারে ঘোষণা দেন, এখন থেকে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পাবেন গ্রাহকরা।

তিনি আরও জানান, খুব শিগগিরই দেশের প্রায় ১ কোটি ৪০ লাখ ব্রডব্যান্ড গ্রাহক একই মূল্যে ন্যূনতম ২০ এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা ভোগ করবেন।

সেমিনারে ব্রডব্যান্ড সেবাদাতারা ব্যান্ডউইথ পরিবহন খরচ ৫ টাকায় নামিয়ে আনার পাশাপাশি ‘অ্যাকটিভ শেয়ারিং’-এর সুযোগ চালুর দাবি জানান। বেসরকারি ফাইবার অপারেটরদের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়া হয়।

বাংলাদেশে ইন্টারনেট সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, “বিশ্বের মধ্যে বাংলাদেশের ইন্টারনেট সেবার মান অন্যতম নিম্নমানের। তাই এর খরচ আরও কমাতে হবে।”

তিনি আরও আশ্বাস দেন, ভবিষ্যতে দেশে ইন্টারনেট বন্ধ করা হবে না। ইন্টারনেট শাটডাউনের সব পথ বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে তিনি জানান, আসন্ন সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

মতামত দিন