পৃথিবীর প্রথম প্রাণী ছিল কোনটি?
বিজ্ঞানীদের মধ্যে বহু বছর ধরে বিতর্ক চলছিল, পৃথিবীর প্রথম প্রাণী কোনটি ছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকরা দাবি করেছেন, প্রাচীন সামুদ্রিক স্পঞ্জই ছিল পৃথিবীর প্রথম প্রাণী।
গবেষকরা মনে করছেন, ক্যামব্রিয়ান বিস্ফোরণের অনেক আগে থেকেই এই নরম-দেহী সামুদ্রিক প্রাণী পৃথিবীতে বিদ্যমান ছিল। এমআইটির বিজ্ঞানীরা জানিয়েছেন, আধুনিক ডেমোস্পঞ্জের পূর্বপুরুষদের সঙ্গে সম্পর্কিত এই জীবাশ্মের মাধ্যমে পৃথিবীতে প্রাণীর প্রাথমিক জীবন সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে। এ তথ্য আগের ধারণাকে চ্যালেঞ্জ করছে, যেখানে প্রথম প্রাণী জটিল এবং অনেক ক্ষেত্রে শক্ত কঙ্কালযুক্ত হওয়ার কথা বলা হত।
গবেষণার জন্য বিজ্ঞানীরা ওমান, পশ্চিম ভারত এবং সাইবেরিয়ার শিলা বিশ্লেষণ করে স্টেরেনস নামে পরিচিত একটি বায়োমার্কার খুঁজে বের করেছেন। স্টেরেনস হলো স্টেরলের রাসায়নিক অবশেষ, যা জটিল জীবের কোষের পর্দার অপরিহার্য উপাদান। গবেষকরা বলেন, এই স্টেরেনসের বিরল সি৩০ ও সি৩১ রূপ শুধুমাত্র ডেমোস্পঞ্জ থেকে তৈরি হতে পারে। তাই এই রাসায়নিক নমুনা পৃথিবীর প্রথম প্রাণীর আণবিক প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
স্পঞ্জকে সাধারণভাবে একটি সহজ প্রাণী মনে করা হয়। তবে গবেষকরা বলছেন, প্রথম দিকের স্পঞ্জ সমুদ্রের পানি ছেঁকে পুষ্টি সংগ্রহ করত এবং এর মাধ্যমে পৃথিবীর মহাসাগরে অক্সিজেন সরবরাহে সহায়তা করেছিল। এমআইটির গবেষক রজার সামন্স জানান, ‘আমাদের কাছে তিনটি স্বতন্ত্র ও পারস্পরিক সম্মত প্রমাণ রয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে স্পঞ্জই পৃথিবীর প্রাচীনতম প্রাণী।’
এ আবিষ্কার পৃথিবীর প্রাথমিক জীবনের ইতিহাস বোঝার ক্ষেত্রে নতুন দিক নির্দেশ করছে এবং বিজ্ঞানীদের ধারণাকে আরও সমৃদ্ধ করছে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

মতামত দিন