৫০০ কোটি আলোকবর্ষ দূরে একে অপরের চারপাশে প্রদক্ষিণ করছে দুটি সুপারম্যাসিভ ব্ল্যাকহোল।
পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত ওজে২৮৭ গ্যালাক্সির কেন্দ্রে একে অপরের চারপাশে প্রদক্ষিণ করা দুটি সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের ছবি তুলেছেন ফিনল্যান্ডের টারকু বিশ্ববিদ্যালয়ের গবেষক মাউরি ভালটোনেন নেতৃত্বাধীন একটি দল। এটি প্রথমবারের মতো এমন একটি ঘটনা, যেখানে আলাদাভাবে দুইটি ব্ল্যাকহোলকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
গবেষকরা জানান, ওজে২৮৭-এর ভেতরে দীর্ঘদিন ধরে সন্দেহ ছিল দুটি ব্ল্যাকহোল লুকিয়ে আছে। কিন্তু পর্যাপ্ত শক্তিশালী টেলিস্কোপ না থাকায় তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই তারা পৃথিবীর অ্যানটেনা ও চাঁদের কাছাকাছি স্থাপিত একটি স্যাটেলাইটকে একত্র করে কার্যকরভাবে ১৫ গুণ বৃহৎ রেডিও টেলিস্কোপ তৈরি করেন, যার মাধ্যমে ব্ল্যাকহোল দুটি শনাক্ত হয়।
মাউরি ভালটোনেন বলেন, “এই দুটি ব্ল্যাকহোল একে অপরকে প্রদক্ষিণ করছে এবং কেন্দ্রে থাকা উজ্জ্বল গ্যালাকটিক কোরের মাধ্যমে আমরা তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছি। ব্ল্যাকহোল নিজে আলোক সঞ্চালন করে না, তবে তাদের চারপাশের গ্যাস ও ধূলিকণা এত গরম হয়ে যায় যে বিপুল বিকিরণ সৃষ্টি করে।”
তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, ছোট ব্ল্যাকহোলটি বড়টির চারপাশে ঘুরতে ঘুরতে উচ্চ শক্তির কণার জেট তৈরি করছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, দুই ব্ল্যাকহোলের কক্ষপথে প্রদক্ষিণকাল প্রায় ১২ বছর। বহু বছর ধরে কোয়াসারের মধ্যে এই দুটি ব্ল্যাকহোল লুকিয়ে থাকার অনুমান থাকলেও প্রমাণ করতে কয়েক দশক সময় লেগেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ডেইলি মেইল
মতামত দিন