অ্যান্টার্কটিকার সমুদ্রের তলদেশে ফাটল বের হচ্ছে মিথেন গ্যাস।
অ্যান্টার্কটিকার সমুদ্র তলদেশে অবস্থিত ফাটল থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস বের হচ্ছে বলে নতুন গবেষণায় দেখা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যান্টার্কটিকায় ক্রমবর্ধমান উষ্ণতা এই গ্যাস নির্গমনের কারণ হতে পারে।
গবেষকরা বলছেন, সমুদ্রের তলদেশে বিশাল মিথেন গ্যাস ভান্ডার রয়েছে। রস সাগরের উত্তর উপকূলসহ অ্যান্টার্কটিকার বিভিন্ন অঞ্চলে তলদেশের ফাটল থেকে বুদ্বুদ আকারে গ্যাস বের হচ্ছে। এই ঘটনা শনাক্ত করতে শিপবোর্ড ওয়াটার কলাম অ্যাকুস্টিক সার্ভে এবং রিমোটলি অপারেটেড ভেহিকেল (ROV) ব্যবহার করা হয়েছে। এতে উত্তর ভিক্টোরিয়া ল্যান্ড ও ম্যাকমার্ডো সাউন্ড এলাকার উপকূলীয় অগভীর অঞ্চলে মিথেন নির্গমনের স্থানসমূহ চিহ্নিত করা হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, বরফ ও হিমবাহের ওজন কমলে হাইড্রেট ভান্ডারের ওপর চাপও কমে যায়। ফলে হিমবাহের প্রবাহ এবং উপকূলে মিথেন নির্গমনের হার বেড়ে যেতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অ্যান্টার্কটিকার বরফমুক্ত অঞ্চলে সংরক্ষিত এই গ্রিনহাউস গ্যাস জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ।
বিজ্ঞানী সারা সিব্রুকের ধারণা, সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলেই মিথেন নির্গমনের প্রধান উৎস। বাতাসে মিথেনের পরিমাণ এবং বিভিন্ন উৎস থেকে এর মোট নির্গমনের মধ্যে বড় ব্যবধান থাকতে পারে। মূলত হাইড্রোকার্বন সমৃদ্ধ তরল চুইয়ে মিথেন বের হওয়ার প্রক্রিয়াই এই অঞ্চলে ঘটছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: এবিসি নিউজ
মতামত দিন