২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতলেন তিন মার্কিন বিজ্ঞানী।
২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল এইচ. দেবোরে এবং জন এম. মার্টিনিস। কোয়ান্টাম মেকানিক্সে যুগান্তকারী গবেষণা এবং উদ্ভাবনী কাজের জন্য এ বছরের এই মর্যাদাপূর্ণ সম্মাননা তারা পেয়েছেন।
নোবেলজয়ীদের হাতে এক নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা প্রদান করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। একাধিক বিজয়ীর ক্ষেত্রে অর্থ সমান ভাগে ভাগ করা হবে।
নোবেল কমিটি জানিয়েছে, ১৯৮০-এর দশকে এই তিনজনের গবেষণা কোয়ান্টাম স্তরে পদার্থের আচরণ বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের উদ্ভাবন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিংয়ে নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৯০১ সাল থেকে এখন পর্যন্ত পদার্থবিজ্ঞানে মোট ১১৮টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। এই পর্যন্ত ২২৭ জন বিজ্ঞানী এই পুরস্কার পেয়েছেন, যার মধ্যে মাত্র পাঁচজন নারী রয়েছে। তাদের মধ্যে মারি কুরি ১৯০৩ সালে প্রথম নারী হিসেবে পদার্থবিজ্ঞানে নোবেল জয় করেছিলেন।
এই সপ্তাহে নোবেল কমিটি রসায়ন, সাহিত্য ও শান্তি ক্ষেত্রে বিজয়ীদের নাম ঘোষণা করবে। আর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১৩ অক্টোবর। আনুষ্ঠানিক পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী ডিসেম্বরে সুইডেনে অনুষ্ঠিত হবে।
মতামত দিন