বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

আজ রাতের আকাশে দেখা যাবে বছরের প্রথম সুপারমুন।

নিজেস্ব প্রতিবেদক:

চাঁদের অদ্ভুত সৌন্দর্য উপভোগ করতে চলেছে আকাশপ্রেমীরা। চলতি বছরের প্রথম সুপারমুন আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে দেখা যাবে।

জ্যোতির্বিদদের তথ্যমতে, এই রাতে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছাবে, ফলে স্বাভাবিকের তুলনায় এটি বড় এবং উজ্জ্বল দেখাবে।

এই সুপারমুনকে বিশেষভাবে ‘হার্ভেস্ট মুন’ বলা হয়। প্রতিবছর শরৎ ঋতুর শুরুতে এটি দেখতে পাওয়া যায়। জ্যোতির্বিদরা জানিয়েছেন, সাধারণ পূর্ণিমার চাঁদ রাতভর আকাশে ধীরে ধীরে ওঠে, কিন্তু হার্ভেস্ট মুনের সময় চাঁদ অনেক দ্রুত উঠে আসে এবং একাধিক রাত ধরে আকাশে দৃশ্যমান থাকে। সন্ধ্যার সময় এটি আরও উজ্জ্বল হয়ে ওঠে।

কোথা থেকে দেখা যাবে সুপারমুন?

পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (SUPARCO) জানিয়েছে, পাকিস্তান ছাড়াও বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ থেকেই এটি দেখা সম্ভব। আবহাওয়া স্বচ্ছ থাকলে বাংলাদেশ থেকে খালি চোখে সুপারমুন উপভোগ করা যাবে।

সুপারকো কর্মকর্তা জানিয়েছেন, আজকের সুপারমুন গড় পূর্ণিমার চাঁদের তুলনায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল হবে। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৩,৬১,৪০০ কিলোমিটার (২,২৪,৫৯৯ মাইল) হবে।

বিশেষ কোনও যন্ত্রের প্রয়োজন নেই। খোলা আকাশের দিকে তাকালেই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখা যাবে। তবে আলোদূষণমুক্ত জায়গা থেকে এটি সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করা সম্ভব।

মতামত দিন