সৌরজগতের শেষ প্রান্তে নতুন এক রহস্যময় গ্রহের সম্ভাবনা।
আমাদের সৌরজগতের অজানা প্রান্তে হয়তো লুকিয়ে আছে এক অদৃশ্য গ্রহ—এমন ধারণাই দিচ্ছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। ‘প্ল্যানেট ওয়াই’ নামে কাল্পনিক এই গ্রহের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে কুইপার বেল্টের দূরবর্তী বস্তুর অস্বাভাবিক কক্ষপথ থেকে।
বিজ্ঞানীদের মতে, নেপচুনের বাইরের বিশাল বলয়াকৃতি অঞ্চল কুইপার বেল্টে বহু অজানা মহাজাগতিক বস্তু ঘুরে বেড়াচ্ছে। তাদের কক্ষপথে যে অস্বাভাবিক হেলন বা বাঁক দেখা যাচ্ছে, তা কোনো অদৃশ্য বৃহৎ গ্রহের মাধ্যাকর্ষণ বলের কারণ হতে পারে। এই ধারণা থেকেই উঠে এসেছে ‘প্ল্যানেট ওয়াই’-এর তত্ত্ব।
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষক আমির সিরাজ বলেন, “সৌরজগতের শেষ প্রান্তে এক ক্ষুদ্রাকৃতির, তবে প্রভাবশালী গ্রহ থাকতে পারে। এটি হয়তো বুধের চেয়ে কিছুটা বড়, কিন্তু পৃথিবীর চেয়ে ছোট।” তিনি আরও জানান, এই গবেষণা নতুন কোনো গ্রহ আবিষ্কারের দাবি নয়, বরং সৌরজগতের অস্বাভাবিক কক্ষপথগত ধাঁধার সমাধান খোঁজার চেষ্টা।
তবে নেপচুনের বাইরে লুকানো গ্রহের ধারণা নতুন নয়। উনিশ শতকের মাঝামাঝি থেকেই ‘প্ল্যানেট এক্স’- এর সন্ধান চলছিল। ১৯৩০ সালে প্লুটো আবিষ্কারের পর একে প্রথমে ‘প্ল্যানেট এক্স’ বলা হলেও পরবর্তীতে ছোট আকৃতির কারণে বামন গ্রহ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। আর এখন যে প্ল্যানেট ওয়াই নিয়ে আলোচনা, সেটি আগের ‘প্ল্যানেট নাইন’-এর থেকেও ভিন্ন ও আরও নিকটবর্তী বলে মনে করছেন বিজ্ঞানীরা।
গবেষণা অনুসারে, প্ল্যানেট ওয়াই সম্ভবত পৃথিবীর ভরের কাছাকাছি একটি গ্রহ, যা সূর্য থেকে ১০০ থেকে ২০০ গুণ দূরত্বে প্রদক্ষিণ করছে। এর কক্ষপথ প্রায় ১৫ ডিগ্রি হেলানো—যা সৌরজগতের অন্য কোনো পরিচিত গ্রহের সঙ্গে মেলে না।
বিজ্ঞানীদের ধারণা, প্রায় ৫০টি দূরবর্তী বস্তুর অবস্থানগত বিশ্লেষণ বলছে, এই রহস্যময় গ্রহের উপস্থিতির সম্ভাবনা ৯৬ থেকে ৯৮ শতাংশ। ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে উন্নতমানের ভেরা সি. রুবিন অবজারভেটরি এ বিষয়ে আরও নিশ্চিত তথ্য সংগ্রহে কাজ করবে। বিশাল ডিজিটাল ক্যামেরাসমৃদ্ধ এই টেলিস্কোপটি প্রতি তিন দিনে একবার পুরো আকাশ স্ক্যান করে তথ্য সংগ্রহ করবে।
সূত্র: এনডিটিভি

মতামত দিন