গুগল সার্চে ছবি বিশ্লেষণের নতুন এআই সুবিধা।
গুগল সার্চে যোগ হলো এক নতুন সুবিধা, যা ব্যবহারকারীদের শুধু লেখা নয়, ছবি বিশ্লেষণ করে তথ্য দেখাবে। এই ফিচার পরিচালিত হবে জেমিনি চ্যাটবটের মাধ্যমে, যা ব্যবহারকারীর প্রশ্ন অনুযায়ী ছবির ভেতরের বস্তু শনাক্ত করতে পারবে।
এআই মোডে ব্যবহারকারী কথোপকথনের মতো প্রশ্ন করলে ছবি ভিত্তিক ফলাফলও প্রদর্শিত হবে। উদাহরণস্বরূপ, কেউ শোবার ঘরের সাজসজ্জা বা অনলাইন পণ্যের ধারণা খুঁজতে চাইলে মোডটি প্রাসঙ্গিক ছবি দেখাবে। এর আগে জটিল বা দীর্ঘ অনুসন্ধান করতে একাধিক সার্চ করতে হতো, এখন সেই প্রক্রিয়া অনেক সহজ হয়েছে।
প্রাথমিকভাবে এই সুবিধা শুধুমাত্র ইংরেজি ভাষায় চালু হলেও, বর্তমানে হিন্দি, ব্রাজিলিয়ান, পর্তুগিজ, ইন্দোনেশীয়, কোরীয় ও জাপানিসহ আরও কয়েকটি ভাষায় ব্যবহার করা যাচ্ছে।
নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারী চাইলে ছবি তুলে বা কোনো ছবি আপলোড করেও অনলাইনে তথ্য খুঁজতে পারবেন। প্রতিটি ছবির সঙ্গে লিঙ্ক থাকবে, যা থেকে বিস্তারিত জানা সম্ভব। অনলাইন শপিংয়ে এটি বিশেষভাবে কার্যকর, কারণ ব্যবহারকারী শুধু পণ্যের বর্ণনা দিলে মিলিয়ে ফলাফল দেখানো হবে।
গুগলের তথ্যমতে, জেমিনি ২.৫-এর মাল্টিমোডাল প্রযুক্তি ছবির নির্দিষ্ট অংশ শনাক্ত করতে সক্ষম। ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট অংশ নিয়ে আরও প্রশ্ন করতে পারবেন। বর্তমানে এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে উপলব্ধ, তবে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশে চালু করা হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
মতামত দিন