যুক্তরাষ্ট্রে বিজ্ঞানীদের কৃত্রিম হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষুদ্র অঙ্গ উদ্ভাবন।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস-এর বিজ্ঞানীরা রক্তনালিসহ মানুষের হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষুদ্র অঙ্গ বা অর্গানয়েড কৃত্রিমভাবে তৈরি করেছেন। এই অঙ্গগুলো ভবিষ্যতে রোগ গবেষণা এবং ওষুধ পরীক্ষায় নতুন দিক উন্মোচনের সম্ভাবনা রাখে।
এ পর্যন্ত কৃত্রিম ক্ষুদ্র অঙ্গ তৈরির প্রধান প্রতিবন্ধকতা ছিল রক্তনালির অভাব। এই সমস্যা কাটিয়ে উঠতে বিজ্ঞানী হুয়াক্সিয়াও অ্যাডাম ইয়াং এবং তার দল জ্যামিতিক সংকেত ব্যবহার করে স্টেম সেলকে নির্দিষ্ট আকার দিয়েছেন এবং পুষ্টির সুনির্দিষ্ট মিশ্রণ সরবরাহ করেছেন। এর ফলে হৃৎপিণ্ডের টিস্যুতে রক্তনালি বিকশিত হয়।
গবেষণার তথ্যমতে, এই কৃত্রিম হৃৎপিণ্ড ৯–১০ দিনের মধ্যেই স্পন্দন শুরু করে। দুই সপ্তাহের মধ্যে এতে শাখা-প্রশাখাযুক্ত রক্তনালি তৈরি হয়, যা মানুষের হৃৎপিণ্ডের তিনটি স্তরের গঠন অনুকরণ করে। এছাড়া কিছু স্নায়ু কোষও বিকশিত হয়। একই কৌশল ব্যবহার করে রক্তনালিসহ যকৃতের ক্ষুদ্র অঙ্গও তৈরি করা হয়েছে। যদিও যকৃতের ক্ষেত্রে এখনও রক্ত সঞ্চালন সম্ভব হয়নি, ভেতরে ফাঁপা রক্তনালি থাকা ইতিবাচক অগ্রগতি হিসেবে গণ্য করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই কৃত্রিম অঙ্গ প্রাথমিক মানব বিকাশ, রোগের অগ্রগতি এবং ওষুধের কার্যকারিতা পরীক্ষার জন্য যথাযথ মডেল তৈরি করতে সাহায্য করবে। এর ফলে নতুন ওষুধ আবিষ্কারের সম্ভাবনাও বেড়ে যাবে। তবে মানুষের জটিল রক্তনালি ব্যবস্থা পুরোপুরি অনুকরণ করতে আরও গবেষণা প্রয়োজন।
সূত্র: এনডিটিভি

মতামত দিন