বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

মহাকাশে স্বাধীনভাবে ভেসে থাকা রহস্যময় গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

নিজেস্ব প্রতিবেদক: 

চমকপ্রদ এক গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ‘চা ১১০৭-৭৬২৬’ নামের এই গ্রহটি নক্ষত্রের মতো আচরণ করছে, যা সাধারণত অন্য কোনো গ্রহের মধ্যে দেখা যায় না।
গবেষকদের ভাষ্যমতে, গ্রহটির আকার বৃহস্পতির তুলনায় প্রায় ৫ থেকে ১০ গুণ বড় এবং এটি চ্যামেলিয়ন নক্ষত্রমণ্ডল থেকে আনুমানিক ৬২০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। বিশেষ দিক হলো—এটি কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করছে না, বরং স্বাধীনভাবে মহাকাশে ভেসে বেড়াচ্ছে।

গবেষণায় আরও জানা গেছে, গ্রহটি তার চারপাশে থাকা গ্যাসীয় ডিস্ক থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৬০০ কোটি টন গ্যাস টেনে নিচ্ছে। এমন বৈশিষ্ট্য সাধারণত নতুন জন্ম নেওয়া নক্ষত্রে দেখা যায়।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিকসের বিজ্ঞানী ভিক্টর আলমেনড্রোস-আবাদ বলেন, সাধারণত মানুষ গ্রহকে শান্ত ও স্থির জগত হিসেবে ভাবে। কিন্তু এ আবিষ্কার প্রমাণ করছে, মহাকাশে নক্ষত্রের মতো বৈশিষ্ট্য নিয়ে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো গ্রহও থাকতে পারে।

চিলির আতাকামা মরুভূমিতে অবস্থিত ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরির (ইএসও) ভিএলটির এক্স-শুটার স্পেকট্রোগ্রাফের মাধ্যমে গ্রহটির সন্ধান মেলে। ধারণা করা হচ্ছে, শক্তিশালী চৌম্বকক্ষেত্র এর অস্বাভাবিক আচরণের পেছনে মূল কারণ হতে পারে। ফলে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য যে সবসময় স্পষ্ট নয়, তা আবারও সামনে এলো।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজের গবেষক আলেক্স শোলজ মন্তব্য করেন, এটি আসলেই কি নক্ষত্রের মতো জন্ম নেওয়া সবচেয়ে ছোট ভরবিশিষ্ট বস্তু, নাকি মূল কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হওয়া কোনো বৃহৎ গ্রহ—সে প্রশ্ন এখনো স্পষ্ট নয়। তবে নিশ্চিতভাবেই এই আবিষ্কার গ্রহ ও নক্ষত্রের উৎপত্তি ও গঠনের ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে।

সূত্র: এনডিটিভি

মতামত দিন