মঙ্গল-বৃহস্পতি গ্রহাণু বলয় ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, উল্কাপিণ্ড ঝুঁকিতে প্রভাব ফেলতে পারে।
বৃহস্পতি ও মঙ্গল গ্রহের মাঝখানে থাকা গ্রহাণু বলয় ধীরে ধীরে তার উপাদান হারাচ্ছে। উরুগুয়ের ইউনিভার্সিড্যাড দে লা রিপাবলিকার জুলিয়ো ফার্নান্দেজের নেতৃত্বে একদল বিজ্ঞানী জানিয়েছেন, মহাকর্ষীয় শক্তি ও ঘন ঘন সংঘর্ষের কারণে এই মহাজাগতিক অঞ্চল ছোট হয়ে আসছে।
গবেষণায় দেখা গেছে, মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝখানের এই বলয় সময়ের সঙ্গে সঙ্গে উপাদান হারাচ্ছে। ৪৬০ কোটি বছর আগে সৌরজগতের জন্মের সময় এই অঞ্চলে একটি গ্রহ তৈরির সম্ভাবনা থাকলেও বৃহস্পতির শক্তিশালী মাধ্যাকর্ষণ এবং সংঘর্ষের কারণে তা হয়নি। বর্তমানে এই গ্রহাণু বলয়ে চাঁদের ভরের মাত্র প্রায় ৩ শতাংশ উপাদান অবশিষ্ট আছে। বৃহস্পতির, শনি ও মঙ্গল গ্রহের মহাকর্ষীয় প্রভাবে এই শিলাগুলোর কক্ষপথ ক্রমেই পরিবর্তিত হচ্ছে।
কিছু শিলা পৃথিবীর কক্ষপথের কাছে আসছে, আবার কিছু বৃহস্পতির দিকে ছিটকে যাচ্ছে। সংঘর্ষে কিছু শিলা ধুলোতে পরিণত হচ্ছে। বিজ্ঞানীদের মতে, বলয় প্রতিবছর প্রায় ০.০০০৮ শতাংশ হারে ছোট হচ্ছে। হারানো উপাদানের প্রায় ২০ শতাংশ বড় খণ্ড হয়ে পৃথিবীর কক্ষে প্রবেশ করতে পারে এবং অবশিষ্ট ৮০ শতাংশ সূক্ষ্ম ধুলা সূর্যাস্ত বা সূর্যোদয়ের আগে আকাশে ক্ষীণ আভা সৃষ্টি করে।
গবেষকরা বলছেন, সেরেস, ভেস্টা ও প্যালাসের মতো স্থিতিশীল গ্রহাণু বাদ দিলে চলমান ক্ষয়ের প্রক্রিয়া বোঝা সম্ভব এবং এর মাধ্যমে পৃথিবীর অতীত ইতিহাস সম্পর্কে আরও গভীর ধারণা পাওয়া যাবে।

মতামত দিন