নাসার আর্টেমিস ২ মিশনে নিজে চাঁদে যেতে না পারলেও পাঠানো যাবে নিজের নাম।
যদি চাঁদে যাওয়ার সুযোগ না মিলে, তবুও নিজের নাম পাঠানো সম্ভব হবে চাঁদে, এবং এর জন্য কোনো খরচও করতে হবে না। নাসার ‘আর্টেমিস ২’ মিশনের চারজন নভোচারী সেই নামগুলো সঙ্গে নিয়ে চাঁদে পৌঁছাবেন।
এই অভিযানে লাখ লাখ মানুষের নাম একটি মেমোরি কার্ডে সংরক্ষণ করা হবে এবং নভোচারীদের সঙ্গে চাঁদে নেওয়া হবে। যেকোনো বয়সী এবং যেকোনো দেশের মানুষ অনলাইনের মাধ্যমে নাম পাঠিয়ে এই অভিযানে প্রতীকীভাবে অংশ নিতে পারবে। মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠ থেকে প্রায় ৭ হাজার ৪০০ কিলোমিটার দূরে প্রদক্ষিণ করবে। ১৯৭২ সালের অ্যাপোলো ১৭-এর পর এটি হবে মানুষের চাঁদ অভিযান। মিশনটি চাঁদ ও মঙ্গলে মানুষের উপস্থিতি নিশ্চিত করার নাসার বৃহত্তর লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে।
নিবন্ধনের প্রক্রিয়া সহজ। প্রথমে নাসার অফিসিয়াল ওয়েবসাইট www.nasa.gov থেকে নাম, ইমেইল ঠিকানা এবং পছন্দের ভাষা (ইংরেজি বা স্প্যানিশ) পূরণ করতে হবে। ফরম জমা দেওয়ার পরে একটি ডিজিটাল বোর্ডিং পাস পাওয়া যাবে, যা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। নিবন্ধিত নামটি মেমোরি কার্ডে রাখা হবে এবং নভোচারীরা চাঁদে নিয়ে যাবেন। নাম নিবন্ধনের শেষ তারিখ ২০২৬ সালের ২১ জানুয়ারি।
মিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন রিদ ওয়াইজম্যান। অন্য নভোচারীরা হলেন ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন। প্রায় ১০ দিনের মিশনে তাঁরা ওরিয়ন সিস্টেম, গভীর মহাকাশের দিকনির্দেশনা এবং যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা করবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মতামত দিন