বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

চাঁদ প্রতি বছর ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, দিনের দৈর্ঘ্যও বাড়ছে।

নিজেস্ব প্রতিবেদক:

পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ প্রতি বছর কয়েক সেন্টিমিটার হারে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। বর্তমানে পৃথিবী ও চাঁদের মধ্যে গড়ে দূরত্ব প্রায় ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার, তবে এটি কোনো স্থির সংখ্যা নয়।

এই ধীরগতি পরিবর্তন কোটি কোটি বছর ধরে চলতে থাকে এবং কোনো আকস্মিক ঘটনা নয়।

মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্টিফেন ডিকারবি জানিয়েছেন, পৃথিবী ও চাঁদের মধ্যে মহাকর্ষীয় টান এবং জোয়ার-ভাটার শক্তিই এই পরিবর্তনের মূল কারণ। চাঁদের আকর্ষণশক্তি সমুদ্রের পানিকে ফুলে ওঠতে বাধ্য করে, ফলে পৃথিবীর দুই পাশে দুটি জোয়ারের স্ফীতি সৃষ্টি হয়। পৃথিবী প্রতিদিন তার নিজ  অক্ষের চারপাশে ঘূর্ণন করায়, এই জোয়ারের স্ফীতি চাঁদের আকর্ষণের চেয়ে সামান্য এগিয়ে থাকে। ফলে পৃথিবী তার ঘূর্ণন শক্তি ব্যবহার করে চাঁদকে সামনের দিকে ঠেলে দেয় এবং চাঁদের কক্ষপথ কিছুটা প্রসারিত হয়।

এই প্রক্রিয়ার প্রতিফলন হিসেবে পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমছে। প্রতিটি শতাব্দীতে দিনের দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৩ মিলিসেকেন্ড বৃদ্ধি পাচ্ছে। পদার্থবিজ্ঞানের কৌণিক ভরবেগ সংরক্ষণ নীতি অনুযায়ী, পৃথিবীর ঘূর্ণন শক্তি কমলে চাঁদের কক্ষপথের ভরবেগ বৃদ্ধি পায়, যার ফলে চাঁদ আরও দূরে সরে যায়।

বিজ্ঞানীরা বলছেন, বর্তমানে এই গতিতে চাঁদ দূরে সরে যাওয়া কোনো বিপদের সংকেত দেয় না। তবে  কোটি কোটি বছর পর, এর প্রভাবে দিনের দৈর্ঘ্য উল্লেখযোগ্যভাবে দীর্ঘ হবে এবং জোয়ার-ভাটারের তীব্রতাও কমে যাবে। এই প্রক্রিয়া কেবল পৃথিবী ও চাঁদের মধ্যে সীমাবদ্ধ নয়; মহাবিশ্বের অন্যান্য গ্রহ ও তাদের উপগ্রহের ক্ষেত্রেও একই ধরণের ঘটনা লক্ষ্য করা যায়।

সূত্র: এনডিটিভি

মতামত দিন