আবু ধাবিতে চালকবিহীন ডেলিভারি যানবাহনের জন্য প্রথম লাইসেন্স প্লেট ইস্যু।
সংযুক্ত আরব আমিরাত সরকার আবু ধাবির রাস্তায় চলাচলের জন্য প্রথমবারের মতো চালকবিহীন ডেলিভারি যানবাহনের লাইসেন্স প্লেট ইস্যু করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে আমিরাতের কে২ ও ৭এক্স-এর লজিস্টিকস শাখা এএমএক্স-এর সহযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে চালিত যানবাহনের জন্য একটি পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প শুরু হয়েছে।
স্বয়ংক্রিয় ডেলিভারি যানবাহনগুলো তৈরি করেছে কে২-এর সহায়ক প্রতিষ্ঠান অটোগো (Autogo)। এগুলো শহরের রাস্তায় নিজে নিজে চলতে পারে এবং কোনো মানব হস্তক্ষেপ ছাড়াই পণ্য ডেলিভারি করতে সক্ষম। মাসদার সিটিতে এই যানবাহনগুলোর একটি পরীক্ষামূলক প্রকল্প চালু করা হয়েছে, যা আগে খালিজ টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে।
অটোগো মাসদার সিটির বাইরে তাদের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে। তারা নতুন অংশীদারদের সঙ্গে কাজ করবে এবং আরও বিস্তৃত জনসাধারণের এলাকায় সেবা দেবে। আগামী কয়েক মাসের মধ্যেই পুরোপুরি বাণিজ্যিকভাবে যানবাহনগুলো চালুর লক্ষ্য রয়েছে।
এই ধরনের স্বচালিত যানবাহন শহরের যানজট ও কার্বন নিঃসরণ কমাতে সহায়ক হবে। আবু ধাবি মোবিলিটির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে লক্ষ্য রাখা হয়েছে, ২০৪০ সালের মধ্যে আমিরাত জুড়ে ২৫ শতাংশ ভ্রমণ স্মার্ট পরিবহন ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হবে।
মতামত দিন