বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

চীনে পাওয়া ডাইনোসরের ডিমের বয়স ৮ কোটি বছরেরও বেশি।

নিজেস্ব প্রতিবেদক:

চীনের কিংলংশান জীবাশ্ম সংরক্ষণাগারে আবিষ্কৃত ২৮টি ডাইনোসরের ডিমের বয়স প্রায় ৮ কোটি ৬০ লাখ বছর বলে নিশ্চিত করেছেন গবেষকেরা। আধুনিক ইউরেনিয়াম-লেড ডেটিং (U-Pb) পদ্ধতি প্রয়োগ করে বয়স নির্ধারণ করা হয়।

গবেষণায় জানা গেছে, এ সময়কালে ইউনইয়াং বেসিনে থাকা ডাইনোসররা জলবায়ুর পরিবর্তন বিশেষত শীতল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছিল। পদ্ধতিতে ডিমের খোসা থেকে মাইক্রো-লেজারের মাধ্যমে সূক্ষ্ম অংশ সংগ্রহ করে খনিজে ইউরেনিয়াম ও সিসার অনুপাত পরিমাপ করা হয়। সেই হিসাবেই বয়স বের হয়।

ফ্রন্টিয়ার্স ইন আর্থ সায়েন্স জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ডিমের খোসায় ক্যালসাইট খনিজ পাওয়া গেছে। এর ফলে এগুলো U-Pb পরীক্ষার জন্য উপযুক্ত বলে নিশ্চিত হওয়া গেছে।

ডিমগুলোর সঠিক প্রজাতি শনাক্ত হয়নি। আকারে এগুলো সামান্য চ্যাপটা গোলাকার, দৈর্ঘ্য ৪.৭–৬.৭ ইঞ্চি, খোসার পুরুত্ব প্রায় ২.৪ মিলিমিটারের কম এবং ভেতরে ছিদ্রযুক্ত গঠন রয়েছে। এসব বৈশিষ্ট্য ক্রিটেশিয়াস যুগের ডিমের সঙ্গে মেলে, যখন পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হয়ে উঠছিল।

বিশেষজ্ঞদের মতে, অতীতে জীবাশ্মের বয়স নির্ধারণে পার্শ্ববর্তী শিলা বা লাভার কারণে প্রায়ই ভুল হত।  নতুন এ পরীক্ষায় সেই ঝুঁকি কমেছে। গবেষক বি ঝাও মন্তব্য করেন, “আমরা আশা করিনি এত স্পষ্ট ফল পাব।” কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হেরিবার্ট রোচিন-বানাগা বলেন, “U-Pb বিশ্লেষণ  বর্তমানে বয়স নির্ধারণের সবচেয়ে নির্ভুল পদ্ধতি।”

বিশ্বজুড়ে প্রায় ২০০ স্থানে ডাইনোসরের ডিম পাওয়া গেছে, তবে নির্ভরযোগ্যভাবে চিহ্নিত হয়েছে কেবল অল্প কিছু। নতুন এ গবেষণা ভবিষ্যতে ডাইনোসরের প্রজনন ও বিবর্তন সম্পর্কে আরও তথ্য জানাতে সহায়ক হবে।

সূত্র: সিএনএন

মতামত দিন