বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

ওপেনএআই চালু করল ‘গ্রোভ’ কর্মসূচি, এআই উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও সহায়তা দেবে।

নিজেস্ব প্রতিবেদক:

ওপেনএআই তরুণ উদ্যোক্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক উদ্যোগ গড়ে তোলায় সহায়তার জন্য নতুন ‘গ্রোভ’ কর্মসূচি চালু করেছে। কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা এআইভিত্তিক অ্যাপ বা সেবা চালুর জন্য বিভিন্ন ধাপে প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও সহায়তা পাবেন।

ওপেনএআই জানিয়েছে, কর্মসূচির অংশ হিসেবে উদ্যোক্তাদের প্রধান কার্যালয়ে পাঁচ সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে অংশগ্রহণকারীরা এমন নতুন এআই টুল ও মডেল ব্যবহার করতে পারবেন, যা এখনও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়নি। এছাড়া প্রযুক্তিগত সহায়তা এবং উদ্যোক্তাদের জন্য আলাদা কমিউনিটিতে যুক্ত হওয়ার সুযোগও থাকবে।

কর্মসূচি শেষে উদ্যোক্তারা চাইলে বিনিয়োগ সংগ্রহের উদ্যোগ নিতে পারবেন এবং ওপেনএআইয়ের সঙ্গে বা নতুন কোনো প্রকল্পে যুক্ত হতে পারবেন। গ্রোভ কর্মসূচির প্রথম প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে আগামী ২০ অক্টোবর, যেখানে প্রথম পর্যায়ে ১৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করবেন।

প্রসঙ্গত, এআইভিত্তিক নতুন উদ্যোক্তাদের সহায়তায় বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানও নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। গত বছর গুগল চালু করেছিল ‘স্টার্টআপস ক্লাউড এআই অ্যাকসেলেরেটর’। চলতি বছরের এপ্রিলে মাইক্রোসফটও স্টার্টআপের জন্য নতুন অ্যাকসেলেরেটর কর্মসূচি শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগ এআই খাতে ব্যাপক বিনিয়োগের প্রতিফলন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মতামত দিন