বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

আলাস্কায় নতুন দ্বীপ তৈরি হয়েছে: বরফ গলার প্রভাবে হ্রদের আয়তন বৃদ্ধি।

নিজেস্ব প্রতিবেদক:

নাসার স্যাটেলাইটে দেখা গেছে, আলাস্কার একটি হ্রদের মাঝখানে ৫ দশমিক ১৮ বর্গকিলোমিটার আয়তনের নতুন দ্বীপ তৈরি হয়েছে। এই ঘটনার ছবি ধরা পড়ার পর বিজ্ঞানীরা সতর্কবার্তা দিয়েছেন।

গবেষকরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ায় ১৩ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে দ্বীপটি তৈরি হয়েছে। নাসা তাদের ল্যান্ডস্যাট স্যাটেলাইটের ১৯৮৪ ও ২০২৫ সালের ছবি তুলনা করে এই ভৌগোলিক পরিবর্তন শনাক্ত করেছে।

তথ্য অনুযায়ী, একসময় মাউন্ট প্রাউ নবের সঙ্গে যুক্ত বিশাল বরফের স্তর সম্পূর্ণভাবে ভেঙে বিচ্ছিন্ন হওয়ায় নতুন দ্বীপটি তৈরি হয়েছে। নিকোলস কলেজের গবেষক মাউরি পেল্টো জানান, কয়েক দশক ধরে বরফের স্তর ধীরে ধীরে সরে যাচ্ছে, ফলে প্রাউ নব পর্বত থেকে প্রায় সম্পূর্ণ বরফ অদৃশ্য হয়েছে।

স্যাটেলাইটের তথ্যমতে, ১৯৮৪ সালে আলসেক হ্রদের আয়তন ছিল ৪৪ বর্গকিলোমিটার, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭৫ বর্গকিলোমিটার। পার্শ্ববর্তী হিমবাহের অনেক হ্রদও একইভাবে প্রসারিত হচ্ছে।

বিজ্ঞানীরা এই ঘটনাকে কেবল ভূতাত্ত্বিক ঘটনা হিসেবে দেখছেন না। তাদের মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বরফ গলে উন্মুক্ত শিলাগুলি আরও বেশি তাপ শোষণ করছে, যা বরফ গলার প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে।

নাসা আর্থ অবজারভেটরির বিজ্ঞানী লিন্ডসে ডোরম্যান জানান, দক্ষিণ-পূর্ব আলাস্কার উপকূলীয় সমভূমিতে বরফের জায়গা দ্রুত পানি দখল করছে। হিমবাহের স্তর পাতলা হয়ে দূরে সরে যাওয়ায় বরফগলা পানির হ্রদ তৈরি হচ্ছে। এতে নতুন দ্বীপের পাশাপাশি আলসেক হ্রদেও গভীর প্রভাব পড়েছে।

গত বছর মাউরি পেল্টো নাসাকে সতর্ক করে জানিয়েছিলেন, আলাস্কা দ্রুত নতুন হ্রদ এলাকায় পরিণত হচ্ছে, যেখানে হিমবাহের বরফ গলে আকস্মিক বন্যা ঘটার সম্ভাবনা রয়েছে।

সূত্র: ডেইলি মেইল

মতামত দিন