মঙ্গলে শুকনা নদী চ্যানেলে নতুন পাথরের সন্ধান পেল নাসার রোভার।
মঙ্গল গ্রহের নেরেটভা ভালিস নামের একটি শুকনা নদীর চ্যানেলে বেশ কিছু নতুন ধরনের পাথর খুঁজে পেয়েছে নাসার পাঠানো পারসিভিয়ারেন্স রোভার। এসব শিলায় প্রাচীন অণুজীব জীবনের সম্ভাব্য চিহ্ন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২১ সাল থেকে মঙ্গলের বিভিন্ন প্রান্তের নমুনা সংগ্রহ করছে রোভারটি। সর্বশেষ নমুনা নেওয়া পাথরে জৈব কার্বন ছাড়াও আয়রন ফসফেট ও আয়রন সালফাইড পাওয়া গেছে—যা পৃথিবীতে অণুজীবের ক্রিয়ায় উপজাত হিসেবে তৈরি হয়। তবে বিজ্ঞানীরা বলছেন, এসব চিহ্ন অজৈবিক প্রক্রিয়ার ফলও হতে পারে।
যুক্তরাষ্ট্রের এসইটিআই ইনস্টিটিউটের জেনিস বিশপ ও ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্টের মারিও প্যারেন্টে এই আবিষ্কারকে উত্তেজনাময় বলে মন্তব্য করেছেন। স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জোয়েল হুরোভিটজ জানান, এখনই প্রাণের অস্তিত্বের চূড়ান্ত প্রমাণ বলা যাবে না, তবে নতুন শিলাগুলো এখন পর্যন্ত সবচেয়ে আকর্ষণীয় নমুনা। এটি রোভারের সংগ্রহ করা ২৫তম নমুনা।
এ পর্যন্ত রোভারটি ৩০টি নমুনা সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ করছে। সংগৃহীত নমুনা ১০টি টাইটানিয়ামের বাক্সে রাখা হয়েছে, বাকিগুলো রোভারের ভেতরে। এগুলো পৃথিবীতে ফেরত আনার পরিকল্পনা প্রথমে ২০৩০ সালে থাকলেও তা পিছিয়ে ২০৪০ সাল পর্যন্ত নেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি

মতামত দিন