মহাকাশে অক্সিজেন তৈরির নতুন দিগন্ত, সাফল্য পেলেন যুক্তরাষ্ট্রের গবেষকরা।
মহাকাশ ভ্রমণের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নভোচারীদের জন্য অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা। পৃথিবী থেকে যত দূরে যাওয়া হয়, এই চ্যালেঞ্জ তত জটিল হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেক বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী সম্প্রতি নাসার সহায়তায় এ সমস্যার নতুন সমাধান খুঁজে পেয়েছেন। তাঁরা চুম্বকশক্তি ব্যবহার করে মহাকাশে অক্সিজেন উৎপাদনের অভিনব উপায় উদ্ভাবন করেছেন। পরীক্ষায় দেখা গেছে, এই চৌম্বক–ভিত্তিক পদ্ধতি প্রচলিত সেন্ট্রিফিউজ প্রযুক্তির তুলনায় প্রায় ২৪০ শতাংশ বেশি কার্যকর।
এখন পর্যন্ত মহাকাশযানে অক্সিজেন তৈরির জন্য যে সেন্ট্রিফিউজ যন্ত্র ব্যবহার করা হয়, তা কৃত্রিম মাধ্যাকর্ষণ তৈরি করে গ্যাস আলাদা করে। কিন্তু এ যন্ত্রগুলো আকারে বড়, অনেক ভারী এবং বিদ্যুৎ খরচও বেশি। ফলে চাঁদ বা মঙ্গলে দীর্ঘমেয়াদি মিশনে এগুলো উপযুক্ত নয়। চুম্বকশক্তিনির্ভর নতুন পদ্ধতিতে গ্যাসীয় বুদ্বুদকে যন্ত্রের ভেতর আটকে না রেখে পৃষ্ঠ থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। এ প্রক্রিয়াটি ডায়াম্যাগনেটিজম ও ম্যাগনেটো–হাইড্রোডাইনামিকস–এর সমন্বয়ে কাজ করে।
জার্মানির খ্যাতনামা ব্রেমেন ড্রপ টাওয়ারে পদ্ধতিটির কার্যকারিতা যাচাই করা হয়েছে। সেখানে কৃত্রিমভাবে স্বল্প সময়ের জন্য ভরহীন পরিবেশ তৈরি করা হয়। পরীক্ষায় প্রমাণিত হয়েছে, সেন্ট্রিফিউজের তুলনায় চৌম্বকীয় কৌশল অনেক বেশি কার্যকরভাবে অক্সিজেন আলাদা করতে সক্ষম।
পৃথিবীতে সহজেই অক্সিজেন সংগ্রহ করা গেলেও মহাকাশে তা সম্ভব নয়। সেজন্য অভিযানে স্থানীয় সম্পদ থেকে অক্সিজেন উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়। গবেষকদের মতে, চুম্বকশক্তিনির্ভর এই আবিষ্কার ভবিষ্যতে দীর্ঘ মহাকাশ অভিযানের স্বপ্ন পূরণের পথে বড় অবদান রাখবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন