বরফ থেকেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব, দাবি স্পেনের গবেষকদের।
বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লা, প্রাকৃতিক গ্যাস বা সৌরশক্তি পরিচিত উৎস হলেও, এবার আলোচনায় এসেছে একেবারে অপ্রত্যাশিত উপাদান—বরফ। সম্প্রতি স্পেনের একদল বিজ্ঞানী জানিয়েছেন, বিশেষ পদ্ধতিতে বরফ বাঁকালে তা থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব।
বার্সেলোনার কাতালান ইনস্টিটিউট অব ন্যানোসায়েন্স অ্যান্ড ন্যানোটেকনোলজির গবেষক সিন ওয়েনের নেতৃত্বে করা এই পরীক্ষায় দেখা গেছে, ধাতব পাতের ভেতরে রাখা বরফের পাত যত বেশি মোচড়ানো হয়েছে, তত বেশি ভোল্টেজ পাওয়া গেছে। গবেষকদের ভাষায়, কঠিন অবস্থায় থাকা বরফ যেকোনো তাপমাত্রায় যান্ত্রিক চাপে বৈদ্যুতিক চার্জ তৈরি করতে সক্ষম। তাদের দাবি, এই বিদ্যুতের শক্তি টাইটানিয়াম ডাই–অক্সাইড বা স্ট্রোনটিয়াম টাইটেনেটের মতো উন্নত ইলেকট্রনিক উপাদানের সমপর্যায়ের।
এই ঘটনাকে তারা বলেছেন ফ্লেক্সো–ইলেকট্রিসিটি। সহজভাবে বলতে গেলে, কোনো অপরিবাহী পদার্থকে অসমভাবে ভাঁজ বা টান দিলে বৈদ্যুতিক চার্জ সৃষ্টি হয়। এটি প্রচলিত পিয়েজোইলেকট্রিসিটি থেকে ভিন্ন, যেখানে সমানভাবে চাপ প্রয়োগ করলেই বিদ্যুৎ উৎপন্ন হয়। ফ্লেক্সো–ইলেকট্রিসিটিতে বস্তুটির অভ্যন্তরীণ ক্রিস্টাল কাঠামো বড় বিষয় নয়।
গবেষণার আরেকটি দিক হলো বজ্রপাতের ব্যাখ্যা। বিজ্ঞানীরা বলছেন, বজ্রঝড়ের সময় মেঘের মধ্যে বরফকণা ও নরম শিলার সংঘর্ষে যে চার্জ বিনিময় ঘটে, সেখানে ফ্লেক্সো–ইলেকট্রিসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বরফকণা বাঁকলে বা চাপে পড়লে চার্জ স্থানান্তরের একটি বাড়তি পথ তৈরি হয়, যা বজ্রপাতের প্রক্রিয়াকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করে।
বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার ভবিষ্যতে পরিবেশবান্ধব শক্তি প্রযুক্তি ছাড়াও প্রাকৃতিক বজ্রঝড়ের রহস্য উদঘাটনে নতুন দিগন্ত খুলে দেবে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে খ্যাতনামা জার্নাল নেচার ফিজিকস–এ।
সূত্র: আর্থ ডটকম
মতামত দিন