বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

প্রায় অর্ধশত বছর পর সন্ধান মিলল বিরল সেইলব্যাক হাউন্ডশার্ক হাঙরের।

নিজেস্ব প্রতিবেদক:

বিস্ময়কর সমুদ্রজগতের রহস্য এখনো উদঘাটিত। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অর্ধশতাব্দী ধরে মানুষ যে বিরল হাঙরের অস্তিত্ব দেখতে পায়নি—সেই সেইলব্যাক হাউন্ডশার্ক আবার ধরা পড়েছে।

বিজ্ঞানীরা পাপুয়া নিউগিনির সমুদ্রসীমায় হাঙরের এই বিরল প্রজাতির সন্ধান পান।

১৯৭৩ সালের পর এই হাঙরের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ২০২০ সালের মার্চে স্থানীয় জেলেরা গোগল নদীর কাছে কয়েকটি অদ্ভুত চেহারার হাঙর ধরেন। বিশেষভাবে একটি হাঙরের পিঠের আকৃতি অন্যান্য হাঙরের চেয়ে ভিন্ন ছিল। ছবি ও নমুনা পরীক্ষা করার পর বিজ্ঞানীরা নিশ্চিত হন, এটি সেই বহু বছর ধরে অদৃশ্য হয়ে যাওয়া হাঙর।

এ পর্যন্ত মোট ছয়টি হাঙরের তথ্য সংগ্রহ হয়েছে—পাঁচটি স্ত্রী ও একটি পুরুষ। বিশেষজ্ঞরা মনে করছেন, অতিরিক্ত মাছ শিকার এবং অন্যান্য মানবিক কার্যক্রমের কারণে এই প্রজাতি বিলুপ্তির পথে ছিল। ডিএনএ বিশ্লেষণ প্রমাণ করেছে, তারা এক ধরণের স্বতন্ত্র বিবর্তনীয় বৈশিষ্ট্যের অধিকারী।

বিজ্ঞানীরা এখন এই হাঙরের জীবনযাপন, প্রজনন ও বাসস্থানের বিস্তৃতি নিয়ে গবেষণা চালাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তারা সীমিত অঞ্চলে বসবাস করে, তাই এত বছর ধরে মানুষের নজর এড়িয়েছিল। এই অনুসন্ধান ও  তথ্য সম্প্রতি জার্নাল অব ফিশ বায়োলজি-তে প্রকাশিত হয়েছে।

সূত্র: আর্থ ডটকম


মতামত দিন