দক্ষিণ কোরিয়ার বাজারে কিয়া ইভি৫ উন্মোচন।
দক্ষিণ কোরিয়ার বাজারে কিয়া তাদের নতুন ইলেকট্রিক স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ইভি৫ উন্মোচন করেছে। এটি পরিবারকেন্দ্রিক গাড়ি হিসেবে তৈরি, যা দেশটির ইভি মার্কেটে নতুন মান যোগ করতে পারে।
কিয়ার ব্যবসা বিভাগের প্রধান জং ওয়ান-জং জানিয়েছেন, ইভি৫ সাশ্রয়ী মূল্যের পরিবারের জন্য নিরাপদ ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এসইউভি হিসেবে জনপ্রিয় হবে। এতে হুন্দাই মোটর গ্রুপের নতুন অ্যাকসিলারেশন কন্ট্রোল অ্যাসিস্ট্যান্স প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে, যা দীর্ঘ সময় পেডাল চাপলে চালককে সতর্ক করবে।
গাড়ির বিদ্যুৎ সরবরাহ চীনা ব্যাটারি নির্মাতা সিএটিএলের সেল থেকে হয়। একবার চার্জে প্রায় ৪৬০ কিলোমিটার পথ অতিক্রম সম্ভব। কিয়া জানিয়েছে, সরবরাহ চেইনে বৈচিত্র্য আনতেই এই ব্যাটারি ব্যবহৃত হচ্ছে।
প্রথমে কোরিয়ার বাজারে পাওয়া যাবে ইভি৫। চলতি বছরের দ্বিতীয়ার্ধে ইউরোপে এবং আগামী বছর কানাডায় রফতানি করার পরিকল্পনা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে শুল্ক ও প্রণোদনা সংক্রান্ত অনিশ্চয়তার কারণে আপাতত সেখানে সরবরাহ শুরু হয়নি।
এই মডেলটি প্রথমবার ২০২৩ সালের নভেম্বর মাসে চীনে উন্মোচন করা হয় এবং জিয়াংসু প্রদেশে উৎপাদিত গাড়ি ইতোমধ্যে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়াসহ অন্যান্য উদীয়মান বাজারে রফতানি হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় সরকারি কর প্রণোদনার সুবিধাসহ ইভি৫-এর প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪,৮০০ ডলার।
সূত্র : কোরিয়া হেরাল্ড
মতামত দিন