নতুন মডেলের আইফোন উন্মোচনের তারিখ ঘোষণা দিয়েছে অ্যাপল।
অ্যাপল প্রতি বছরের মতো এবারও নতুন মডেলের আইফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে। প্রযুক্তিপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় সদর দপ্তরে একটি বিশেষ অনুষ্ঠানে নতুন আইফোন উন্মোচন করা হবে।
প্রতিষ্ঠান এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দাওয়াতপত্র পাঠিয়েছে। তবে আগের মতো এবারও নতুন আইফোনের মডেল ও প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বাজার বিশ্লেষকেরা মনে করছেন, নতুন আইফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ, আইপ্যাড প্রো ও ভিশন প্রোর নতুন সংস্করণও প্রদর্শিত হতে পারে। অনুষ্ঠানে ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযোজনের পরিকল্পনাও তুলে ধরার সম্ভাবনা রয়েছে।
সংবাদমাধ্যমে বলা হয়েছে, নতুন আইফোনের একটি পাতলা সংস্করণও উন্মোচন করা হতে পারে, যা সম্ভবত ‘আইফোন এয়ার’ নামে পরিচিত হবে। এছাড়া এন্ট্রি-লেভেল ও হাই-এন্ড অ্যাপল ওয়াচ, উন্নত আইপ্যাড প্রো এবং দ্রুতগতির ভিশন প্রো হেডসেটও প্রদর্শিত হওয়ার কথা।
আয়োজনে শুধু প্রযুক্তি অঙ্গন নয়, বিনিয়োগকারীদের মধ্যেও আগ্রহ বেড়েছে। কারণ, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো এআই প্রযুক্তিতে এগিয়ে থাকায় এবার অ্যাপলের ওপর চাপ বেশি।
এদিকে, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের চাপের প্রেক্ষিতে অ্যাপল সম্প্রতি দেশটিতে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি ও উৎপাদনের একটি অংশ যুক্তরাষ্ট্রে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে। চীন ও ভারত থেকে উৎপাদিত পণ্যে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র : রয়টার্স

মতামত দিন