ক্যালিফোর্নিয়ার সমুদ্রতলে ভয়াবহ অগ্ন্যুৎপাতের শঙ্কা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে সমুদ্রপৃষ্ঠের প্রায় এক মাইল নিচে অবস্থিত অ্যাক্সিয়াল সিমাউন্ট আগ্নেয়গিরি নতুন করে অগ্ন্যুৎপাতের ঝুঁকিতে পড়েছে। উপকূলরেখা থেকে প্রায় ৩০০ মাইল দূরের এই আগ্নেয়গিরি সর্বশেষ ২০১৫ সালে সক্রিয় হয়েছিল।
সাম্প্রতিক সময়ে আগ্নেয়গিরির চারপাশে ভূমিকম্পের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। শুধু জুন মাসেই এক দিনে রেকর্ড দুই হাজার ভূমিকম্প ধরা পড়ে। এখনো প্রতিদিন শত শত কম্পন সেই অঞ্চল কাঁপিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এরই মধ্যে আগ্নেয়গিরির ভেতরে স্ফীতি তৈরি হচ্ছে, যা ২০১৫ সালের অগ্ন্যুৎপাতের পূর্বলক্ষণগুলোর সঙ্গে মিলে যাচ্ছে।
ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক উইলিয়াম চ্যাডউইক বলেন, ভূমিকম্পের কারণে আগ্নেয়গিরির ভেতর থেকে ম্যাগমা ওপরে উঠে আসছে। ম্যাগমা যখন উপরের চেম্বারে জমা হয়, তখন সেটি বেলুনের মতো ফুলে উঠে আশপাশের পাথরে চাপ তৈরি করে এবং ছোট ছোট ভূমিকম্প ঘটায়। তাঁর মতে, বছরের শেষ নাগাদ বড় অগ্ন্যুৎপাত ঘটতে পারে।
চ্যাডউইক আরও জানান, এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হঠাৎ করেই হতে পারে। ভূমিকম্পগুলো ছোট আকারের হলেও তা অগ্ন্যুৎপাতের সম্ভাবনার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, সাগরতলে পরবর্তী বিস্ফোরণের সময় ব্যাপক ভূমিকম্পের ধাক্কা দেখা দিতে পারে।
উল্লেখযোগ্য যে, এক দশক আগে অ্যাক্সিয়াল সিমাউন্টে অগ্ন্যুৎপাতের ফলে পানির নিচে প্রায় ৪৫০ ফুট পুরু লাভার স্তর তৈরি হয়েছিল, যা পরে শক্ত হয়ে “পিলো লাভা” নামের বিশাল কাঠামোয় রূপ নেয়।
সূত্র: ডেইলি মেইল
মতামত দিন