বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

আগামীকাল পৃথিবীর কাছ দিয়ে ছুটে যাবে বিশাল গ্রহাণু।

নিজেস্ব প্রতিবেদক:

আগামীকাল বুধবার পৃথিবীর নিকট দিয়ে অতিক্রম করবে একটি বিরল ও বিশালাকৃতির গ্রহাণু। নাসার তথ্যমতে, “১৯৯৭ কিউকে১” নামের এ গ্রহাণুর দৈর্ঘ্য তিনটি ফুটবল মাঠের চেয়েও বড়।

এটি ঘণ্টায় প্রায় ২২ হাজার মাইল বেগে ছুটে গিয়ে প্রায় ৩০ লাখ কিলোমিটার দূর থেকে পৃথিবীকে পাশ কাটিয়ে যাবে।

১৯৯০–এর দশকের শেষ দিকে আবিষ্কারের পর থেকেই গ্রহাণুটি নাসার নজরদারিতে রয়েছে। এটি “অ্যাটেন গ্রুপ” শ্রেণির অংশ, যাদের কক্ষপথ সূর্যের চারপাশে বিস্তৃত থাকে। এই ধরনের গ্রহাণুর চলাচল প্রায়ই গ্রহগুলোর কক্ষপথের কাছে চলে আসে, ফলে সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি থেকে যায়।

বিজ্ঞানীরা বলছেন, আকারের কারণে এ গ্রহাণুটি যদি কখনো পৃথিবীতে আঘাত হানে, তবে তা  আঞ্চলিকভাবে ভয়াবহ ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। তবে আপাতত পৃথিবীর জন্য কোনো তাৎক্ষণিক বিপদ নেই। বর্তমান গতিপথ নিরাপদ দূরত্বে অবস্থান করছে। ভবিষ্যতে যদি অন্য কোনো গ্রহের মহাকর্ষীয় টান বা ইয়ারকোভস্কি প্রভাব এর কক্ষপথ পরিবর্তন করে, তবে নতুন ঝুঁকি তৈরি হতে পারে।

সাধারণত ছোট গ্রহাণুগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেই ভেঙে ছাই হয়ে যায় এবং উল্কাপাত সৃষ্টি করে। কিন্তু বড় গ্রহাণু কয়েক কিলোমিটার ব্যাস পর্যন্ত হতে পারে। নাসার মানদণ্ড অনুযায়ী, ১৪০ মিটারের চেয়ে বড় কোনো গ্রহাণু যদি পৃথিবীর ৭৪ লাখ কিলোমিটারের মধ্যে আসে, তখন সেটিকে “সম্ভাব্য বিপজ্জনক” বলে চিহ্নিত করা হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন