ছোট লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করা বিশাল গ্যাসীয় গ্রহের সন্ধান।
যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ট্রানজিটিং এক্সপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টেস) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে একটি বিশাল গ্যাসীয় গ্রহ আবিষ্কার করেছেন।
টিওআই-৬৮৯বি নামে পরিচিত এই গ্রহটি আকারে শনির চেয়ে বড় হলেও ভরে শনির অর্ধেক এবং এটি একটি ছোট লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে।
নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, হোস্ট নক্ষত্রটি শীতল ও ক্ষুদ্র, কিন্তু তা সত্ত্বেও একটি বৃহৎ গ্যাসীয় গ্রহকে ঘিরে রেখেছে। প্রচলিত তত্ত্ব অনুযায়ী, কম ভরের নক্ষত্রের চারপাশে গ্যাস ও ধুলার পাতলা ডিস্ক থাকে, যা বড় গ্রহ গঠনের জন্য যথেষ্ট নয়। তবে নতুন এই আবিষ্কার সেই ধারণাকে চ্যালেঞ্জ করছে। গবেষকরা মনে করছেন, গ্রহটি নক্ষত্রের পরিবর্তিত কোর অ্যাক্রিশন প্রক্রিয়া বা মহাকর্ষীয় অস্থিরতার মাধ্যমে গঠিত হতে পারে।
টিওআই-৬৮৯বি নক্ষত্র থেকে যথেষ্ট দূরে আবর্তিত হচ্ছে। এর বায়ুমণ্ডল তুলনামূলকভাবে শীতল, প্রায় ১৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং সেখানে মিথেন ও অ্যামোনিয়ার সম্ভাব্য উপস্থিতি রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শিগগিরই এই গ্রহের পর্যবেক্ষণ করা হবে, যা গ্রহটির গঠন ও পরিবেশ সম্পর্কে আরও তথ্য দেবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন