স্টারলিংক যুক্তরাষ্ট্রে বিশেষ ছাড় দিচ্ছে নতুন গ্রাহকদের জন্য।
উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী স্টারলিংক নতুন গ্রাহক আকৃষ্ট করতে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট এলাকায় তাদের পরিকল্পনার মূল্য হ্রাস করেছে। রেসিডেনসিয়াল ইন্টারনেট প্ল্যানের জন্য (১৫০–২৫০ এমবিপিএস গতি) মাসিক ফি ১২০ ডলার থেকে কমিয়ে ৯৯ ডলার করা হয়েছে।
এছাড়া, স্যাটেলাইট ডিশের দাম অর্ধেকে কমিয়ে ৩৪৯ ডলারের পরিবর্তে ১৭৫ ডলার নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ২৬টি অঙ্গরাজ্যে গ্রাহকরা শর্তসাপেক্ষে এক বছরের জন্য বিনামূল্যে ডিশ পেতে পারেন।
তবে এই ছাড় সব এলাকায় প্রযোজ্য নয়। যেখানে স্টারলিংকের ব্যান্ডউইথ সীমিত, যেমন সিয়াটলের মতো ঘন জনবসতিপূর্ণ শহরে, নতুন গ্রাহকদের অতিরিক্ত খরচ গুনতে হতে পারে। মূলত গ্রামীণ বা কম জনবসতিপূর্ণ এলাকায় এই প্রমোশন প্রযোজ্য।
পেন স্টেট ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী, প্রতি বর্গমাইলে ৬.৬৬টির বেশি পরিবার একই ব্যান্ডউইথ ব্যবহার করলে গতি কমে যায়। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম পিসিম্যাগ জানাচ্ছে, এই ছাড় প্রথম ১২ মাসের জন্য প্রযোজ্য। এক বছর পর ব্যবহারকারীদের নিয়মিত ফি দিতে হবে।
স্টারলিংক জানিয়েছে, কিট অ্যাক্টিভেশনের তারিখ থেকে ১২ মাসের প্রমোশনাল সময় শুরু হবে। পাশাপাশি, প্রতিবেশীরা একসাথে কমিউনিটি ডিলের মাধ্যমে খরচ আরও কমাতে পারেন।

মতামত দিন