জাপানে ২০২৭ সাল থেকে উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা।
নগর পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটাতে ২০২৭ সাল থেকে বৈদ্যুতিক ‘এয়ার ট্যাক্সি’ চালুর পরিকল্পনা নিয়েছে জাপান। যুক্তরাষ্ট্রের স্টার্টআপ জোবি অ্যাভিয়েশনের সঙ্গে অংশীদারিত্বে এ উদ্যোগ নিয়েছে অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ)।
প্রথম ধাপে পাঁচ আসনের ১০০টিরও বেশি এয়ার ট্যাক্সি ব্যবহারের লক্ষ্য রয়েছে। প্রতিটি যান ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার গতিতে চলতে পারবে এবং একজন পাইলটসহ চারজন যাত্রী পরিবহনে সক্ষম হবে।
প্রকল্পটি মূলত টোকিও শহরের কেন্দ্র থেকে নারিতা ও হানেদা বিমানবন্দরের মধ্যে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে চালু হচ্ছে। বর্তমানে এ পথ পাড়ি দিতে যেখানে এক ঘণ্টা বা তার বেশি সময় লাগে, সেখানে এয়ার ট্যাক্সিতে সময় লাগবে মাত্র ১৫ মিনিট।
এএনএর প্রেসিডেন্ট কোজি শিবাতা জানিয়েছেন, আকাশপথে এ যাতায়াত ব্যবস্থায় নতুন যুগের সূচনা হবে। ভাড়া এখনো নির্ধারণ না হলেও সাধারণ যাত্রীরা যেন সহজে এই পরিষেবা নিতে পারেন, তা নিশ্চিত করার চেষ্টা চলবে বলেও জানান তিনি।
পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবরে ওসাকা এক্সপোতে পরীক্ষামূলক ফ্লাইট প্রদর্শন করবে এএনএ ও জোবি। ভবিষ্যতে অন্যান্য রুটেও এই সেবা চালুর লক্ষ্য রয়েছে।
এদিকে একই ধরনের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইও ২০২৬ সাল থেকে উড়ন্ত ট্যাক্সি চালুর ঘোষণা দিয়েছে।
মতামত দিন