গুগলের এআই মোডে ছবি বিশ্লেষণ ও ক্যামেরা ফিচার,শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিগত নতুন যুগ।
শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে নতুন রূপে সাজিয়েছে গুগল। এখন ব্যবহারকারীরা গুগলের এআই মোডে সরাসরি ছবি আপলোড করে তাতে থাকা উপাদান নিয়ে প্রশ্ন করতে পারবেন।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেবা আগে পরীক্ষামূলকভাবে চালু থাকলেও এখন তা অফিসিয়ালি চালু হয়েছে। শিগগিরই এতে যুক্ত হচ্ছে আরও এক যুগান্তকারী ফিচার—রিয়েলটাইম ক্যামেরা শেয়ারিং। এ সুবিধা চালু হলে স্মার্টফোন ক্যামেরা চালু রেখে সরাসরি দৃশ্য দেখিয়ে প্রশ্ন করা যাবে এআইকে।
গুগলের বিদ্যমান ‘সার্চ লাইভ’ ফিচারের ভিত্তিতে তৈরি এই রিয়েলটাইম সেবা আপাতত যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে, যারা গুগলের এআই ল্যাবসে নিবন্ধিত।
শুধু তাই নয়, ভবিষ্যতে গুগল ড্রাইভ থেকে সরাসরি ফাইল ড্রাগ করে বা পিডিএফ আপলোড করে এআই থেকে তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা। এতে শিক্ষার্থীরা নিজের ক্লাস নোট বা সেভ করা বই থেকেও সরাসরি সাহায্য নিতে পারবেন।
এছাড়া গুগল তাদের ক্রোম ব্রাউজারে একটি নতুন সারাংশ ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে। ওয়েব ঠিকানার পাশে থাকা ‘Ask Google about this page’ অপশনে ক্লিক করলেই সাইডবারে দেখা যাবে সংশ্লিষ্ট পেজের সংক্ষিপ্তসার।
এইসব সুবিধা একসঙ্গে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্যোগকে শিক্ষাবান্ধব ও আরও ব্যবহারবান্ধব করে তুলবে বলেই মনে করছে প্রযুক্তি বিশ্লেষকরা।
সূত্র: দ্য ভার্জ
মতামত দিন