দীর্ঘ সময় মহাকাশে থাকলে দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে, নাসার গবেষণায় নতুন তথ্য।
নাসার তথ্যমতে, মহাকাশে থাকাকালে মাধ্যাকর্ষণের অনুপস্থিতিতে শরীরের রক্ত ও সেরিব্রোস্পাইনাল তরল মাথার দিকে সরে যায়, যা চোখের পেছনে ও মাথার খুলিতে চাপ সৃষ্টি করে। এতে চোখের অপটিক ডিস্ক ফোলানো এবং অক্ষিগোলকের আকৃতিতে পরিবর্তন ঘটে, যা দৃষ্টিশক্তি কমার কারণ হয়ে দাঁড়ায়। গবেষকরা জানাচ্ছেন, এর ফলে অনেক নভোচারীকে মহাকাশ থেকে ফিরে উচ্চ ক্ষমতার চশমা ব্যবহার করতে হয়।
এই জটিলতা মোকাবিলায় নাসা ‘থাই কাফ’ নামের একটি পরীক্ষা চালাচ্ছে, যেখানে মহাকাশচারীরা উরুর চারপাশে চাপযুক্ত ব্যান্ড পরে শরীরের নিচের অংশে রক্ত আটকে রাখেন। এতে ঊর্ধ্বমুখী তরলের স্রোত কমে দৃষ্টিসংক্রান্ত সমস্যার ঝুঁকি কমানো যায় বলে আশা করা হচ্ছে।
নাসার গবেষকরা মনে করেন, দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে এই ধরনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মঙ্গল গ্রহে মানব বসতি গড়ার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মতামত দিন