বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

মহাকাশে জ্বালানি ডিপো বসাতে চান ইলন মাস্ক

নিজেস্ব প্রতিবেদক:

মঙ্গল অভিযানের পথে নতুন যুগের সম্ভাবনা তৈরি করছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তার নেতৃত্বে তৈরি স্টারশিপ রকেটের কার্যকারিতা বাড়াতে এবং দূরগামী অভিযানের ব্যয় কমাতে তিনি পৃথিবীর কক্ষপথে একটি জ্বালানি ডিপো স্থাপনের পরিকল্পনা করছেন।

এই ডিপো থেকেই মহাকাশযান রিফুয়েল করে চাঁদ ও মঙ্গলের মতো দূরবর্তী গন্তব্যে পাড়ি দিতে পারবে।

ইলন মাস্কের মতে, কক্ষপথে জ্বালানি রিফুয়েলিং ব্যবস্থা একটি বড় প্রকৌশল চ্যালেঞ্জ হলেও তা ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মিশনের জন্য অপরিহার্য। পরিকল্পনা অনুযায়ী, কক্ষপথে দুটি বড় মহাকাশযান অপেক্ষমাণ থাকবে—যারা প্রয়োজন অনুযায়ী ডিপো থেকে জ্বালানি গ্রহণ করবে। এর ফলে অভিযানের সময় মহাকাশযানকে বারবার পৃথিবীতে ফিরে আসতে হবে না, বরং মহাকাশেই তা চলতে পারবে নিরবচ্ছিন্নভাবে।

এই ব্যবস্থাটি একটি সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট সিস্টেম তৈরির বড় অংশ। মাস্কের লক্ষ্য হলো উৎক্ষেপণের খরচ এতটাই কমানো, যাতে তা মূল ফ্যালকন ১ রকেটের তুলনায় অনেক বেশি কার্যকর ও সাশ্রয়ী হয়।

তবে কক্ষপথে জ্বালানি ডিপো স্থাপন ছাড়াও স্টারশিপ প্রকল্পের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো—তাপ ঢাল ব্যবস্থার পুনর্ব্যবহারযোগ্যতা। ইলন মাস্ক জানান, পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় মহাকাশযানের তাপ ঢাল ব্যাপক ক্ষয়ের শিকার হয়। আর এই প্রযুক্তিকে পূর্ণরূপে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার উদাহরণ আগে কখনো ছিল না।

ইলন মাস্কের এসব উচ্চাভিলাষী প্রকল্পের মূল উদ্দেশ্য একটাই—মহাকাশযাত্রাকে আরও সাশ্রয়ী ও টেকসই করে তোলা এবং মানব জাতিকে বহির্জাগতিক বসতি স্থাপনের পথে এগিয়ে নেওয়া।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন