বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

রক্ত পরীক্ষা থেকেই আগাম ক্যানসার শনাক্তের পথে বিজ্ঞানীরা।

নিজেস্ব প্রতিবেদক:

ক্যানসার সাধারণত তখনই ধরা পড়ে যখন শরীরে রোগের লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু এবার লক্ষণ প্রকাশের আগেই রক্তে ক্যানসারের উপস্থিতি শনাক্তের সম্ভাবনার কথা জানালেন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
তারা বলছেন, রক্তের প্লাজমায় ঘুরে বেড়ানো ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে বহু আগেই ক্যানসার শনাক্ত করা যেতে পারে।

গবেষণায় দেখা গেছে, শরীরে কোনো লক্ষণ প্রকাশের প্রায় তিন থেকে চার বছর আগেই আক্রান্তদের রক্তে নির্দিষ্ট ধরনের জেনেটিক পরিবর্তনের প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ, খুব শিগগিরই সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমেই ক্যানসার শনাক্তের নতুন দ্বার খুলে যেতে পারে।

‘ক্যানসার ডিসকভারি’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় ৫২ জন অংশগ্রহণকারীর রক্ত নমুনা বিশ্লেষণ করা হয়। এদের মধ্যে অর্ধেক পরবর্তীতে ক্যানসারে আক্রান্ত হন, বাকিরা দীর্ঘ মেয়াদে সুস্থ ছিলেন। গবেষণার অন্যতম সদস্য ক্যাথরিন অ্যালেক্স-পানাবিয়েরেস বলেন, “এই পদ্ধতি চিকিৎসা শুরুর আগেই  রোগ নির্ণয়ের পথ খুলে দিতে পারে, যা রোগীর জন্য জীবনরক্ষাকারী হতে পারে।”

তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ের একটি গবেষণা এবং রক্তে থাকা এই ডিএনএ মিউটেশন শনাক্তে এখনও বিপুল খরচ লাগে। এছাড়া, সবার রক্তেই ক্যানসারের পূর্বাভাস পাওয়া যায়নি।

তবে এই আবিষ্কার যদি বড় আকারে কার্যকর হয়, তাহলে স্তন, কোলন, অগ্ন্যাশয় ও লিভার ক্যানসারের  মতো প্রাণঘাতী রোগগুলো নির্ণয়ে বিপ্লব ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

মতামত দিন